মেডিক্যালে হামলার প্রতিবাদে মিছিল, পুলিশের ‘না’!

কলকাতা মেডিক্যাল কলেজে হামলার ঘটনার প্রতিবাদে পথে নামার পরিকল্পনা করেন সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের একাংশ। বৌবাজার থানা পর্যন্ত মিছিল করে প্রতিবাদ জানাতে চেয়েছিলেন তাঁরা। সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য ইমেলের মাধ্যমে কলকাতা পুলিশের কাছে প্রয়োজনীয় অনুমতিও চেয়ে আবেদন জানান চিকিৎসকরা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

কলকাতা মেডিক্যাল কলেজে হামলার ঘটনার প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছিলেন সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের একাংশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ মেডিক্যাল কলেজ থেকে বৌবাজার থানা পর্যন্ত মিছিল করার পরিকল্পনা ছিল তাঁদের। এই কর্মসূচির জন্য বুধবারই বৌবাজার থানায় ইমেল মারফত অনুমতি চেয়েছিল ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’। মেডিক্যাল কলেজের ছাত্র সংসদের উদ্যোগে এই প্রতিবাদ মিছিল হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাতে সম্মতি দিল না পুলিশ। ফলে মিছিল ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে ঘেরাও করে বিক্ষোভ দেখানোর ঘটনায় আগেই বৌবাজার থানায় অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই কলকাতা মেডিক্যালের তিন ইন্টার্নকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার ওই তিন ইন্টার্নকে সঙ্গে নিয়ে মিছিল করে বৌবাজার থানায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন চিকিৎসকরা। তাঁদের উদ্দেশ্য ছিল, প্রতিবাদের পাশাপাশি থানায় গিয়ে তিন ইন্টার্নের পাশে দাঁড়ানো।

তবে বৃহস্পতিবার সকালে পুলিশের পক্ষ থেকে ইমেল মারফত মিছিলের উদ্যোক্তাদের অনুমতি না দেওয়ার কারণ জানানো হয়। পুলিশের বক্তব্য, মিছিল করে থানায় যাওয়ার কর্মসূচি তদন্তের কাজে এবং আইনি প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে। পাশাপাশি, এই জমায়েতকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। পুলিশের আরও দাবি, মিছিল হলে সেন্ট্রাল অ্যাভিনিউতে যান চলাচল ব্যাহত হতে পারে। তাই এই কর্মসূচিতে সম্মতি দেয়নি পুলিশ।

চোরবাগান ঘটনার দিন দায়িত্বে গাফিলতি করে সাংবাদিক বৈঠক করা এবং জরুরি বিভাগে ওষুধের ঘাটতি নিয়ে অভিযোগ তোলার জেরে আট জন ইন্টার্নকে শো-কজ করেছিল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। আর সেই সিদ্ধান্তকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক। শো-কজের নির্দেশ প্রত্যাহারের দাবিতে মেডিক্যাল কলেজ চত্বরে বিক্ষোভে সামিল হন জুনিয়র চিকিৎসকদের একাংশ। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে গত ১৮ নভেম্বর রাতে। সেদিন অধ্যক্ষ ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে ঘেরাও করে রাখা হয়। অভিযোগ, সেই সময় বাইরে থেকে কয়েক জন ব্যক্তি সেখানে ঢুকে চিকিৎসকদের উপর হামলা চালান।

এই ঘটনার সঙ্গে এবিভিপি-র নাম জড়িয়েছে। অভিযোগ, হামলার সময় অধ্যক্ষের ঘরের বাইরের করিডরের কাচও ভাঙচুর করা হয়। সব মিলিয়ে গত কয়েক দিন ধরে অশান্তির আবহ কলকাতা মেডিক্যাল কলেজে। পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তবে তাঁর বক্তব্য ঘিরেও পাল্টা প্রশ্ন তুলেছেন মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকেরা। অন্যদিকে, আট ইন্টার্নকে শো-কজ করার সিদ্ধান্তের প্রতিবাদে তাঁদের পাশে দাঁড়িয়েছেন মেডিক্যাল কলেজের প্রাক্তনীরাও। আরজি কর আন্দোলনের সঙ্গে যুক্ত একাধিক পরিচিত মুখও এই বিতর্কে নিজেদের মতামত জানিয়েছেন। ফলে মেডিক্যাল কলেজের অন্দরের এই সংঘাত ক্রমশ বৃহত্তর চেহারা নিচ্ছে।

কলকাতা মেডিক্যাল কলেজের সাম্প্রতিক অশান্তির প্রকৃত কারণ খুঁজে বের করতে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ভবন। বুধবার রাতে হাসপাতাল চত্বরে কী ঘটেছিল, কারা হামলার সঙ্গে জড়িত ছিলেন এবং এই ঘটনায় জুনিয়র চিকিৎসকদের ভূমিকা কতটা, তা খতিয়ে দেখাই কমিটির মূল লক্ষ্য। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্য ঘিরেও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর দাবি, অধ্যক্ষকে ঘেরাও করার সময় দুই অধ্যাপককে শারীরিক ভাবে হেনস্থা করা হয়েছিল। স্বাস্থ্যমন্ত্রীর কথায়, ‘‘সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দু’জন অধ্যাপককে কী ভাবে মারা হয়েছে। কিছু মানসিক মাওবাদী চিকিৎসক পড়ুয়ার ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছেছে যে, তাঁরা এখন অধ্যাপকদের গায়েও হাত তুলছেন!’’ যদিও এই অভিযোগ মানতে নারাজ বিক্ষুব্ধ ইন্টার্নরা। তাঁদের পাল্টা দাবি, এবিভিপি-র রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্যের নেতৃত্বে একদল বহিরাগত মেডিক্যাল কলেজে প্রবেশ করেছিলেন। তাঁরাই হামলা চালান বলে অভিযোগ। ওই বহিরাগতদের সঙ্গে ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশন (এনএমও)-এর সমর্থকেরাও ছিলেন বলে দাবি করেছেন ইন্টার্নরা।

অন্যদিকে, মেডিক্যাল কলেজে ভাঙচুর ও অশান্তির ঘটনায় এবিভিপি-র জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সংগঠনের রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য। তাঁর বক্তব্য, ঘটনার দিন তাঁরা মেডিক্যাল কলেজে গেলেও প্রাথমিক ভাবে প্রতিবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। এরপর যাঁরা ভিতরে প্রবেশ করেন, তাঁদের সঙ্গে এবিভিপি-র কোনও যোগ নেই বলেই দাবি তাঁর। নীলকণ্ঠের কথায়, ‘‘আমরা সে দিন ওখানে গিয়েছিলাম। প্রাথমিক প্রতিবাদ জানানোর পর আমরা বেরিয়ে আসি। তার পর যাঁরা ঢুকেছিলেন, তাঁদের সঙ্গে এবিভিপি-র কোনও সম্পর্ক নেই। ওঁরা ভিডিয়োয় যতই নিজেদের এবিভিপি-র সদস্য বলুন না কেন, আমাদের মনে হয় তাঁরাও অতিবাম।’’