সংবিধান দিবস উপলক্ষে নিজের ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধে বিরোধীদের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসিদের জন্য সংরক্ষণের সুযোগ কমিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে চাইছে বিরোধীরা। এই পদক্ষেপকে অত্যন্ত নিন্দনীয় বলেও উল্লেখ করেছেন তিনি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। সেই দিনটির কথা স্মরণ করে মোদী বলেন, বিরোধীরা এমন একটি নীতি কার্যকর করতে চাইছে, যা সংবিধান প্রণেতারা কখনওই সমর্থন করেননি।যদিও নিজের লেখায় কোনও দলের নাম সরাসরি উল্লেখ করেননি প্রধানমন্ত্রী, তবে তাঁর নিশানায় যে কংগ্রেস, তা স্পষ্ট বলে মনে করা হচ্ছে। মোদী লিখেছেন, ‘‘বিরোধী শিবিরের সবচেয়ে বড় দল ওবিসিদের সংরক্ষণের সুযোগ কমিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণ চালু করতে চাইছে। এটা অত্যন্ত নিন্দনীয়। সংবিধান প্রণেতারা, বিশেষ করে ডঃ বাবাসাহেব আম্বেদকর, এই ধরনের ব্যবস্থার সম্পূর্ণ বিরোধী ছিলেন।’’
সংসদে বিরোধীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, বিরোধীরা এখন বিরোধী পক্ষের (Virodh Paksh) বদলে বাধা সৃষ্টিকারী পক্ষ (Avrodh Paksh) হয়ে উঠেছে। সংসদের কাজকর্মে বারবার বাধা দেওয়া কোনওভাবেই সংবিধানের প্রতি দায়িত্ব পালনের বিকল্প হতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি।
চলতি বছরের শুরুতে সংসদে মহিলাদের জন্য সংরক্ষণ সংক্রান্ত বিল পাশ না হওয়ার প্রসঙ্গও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, বিরোধী শিবিরের সেই একই দল বিলটি পাশ হতে দেয়নি। এর মাধ্যমে সংবিধানের মূল্যবোধের প্রতি অসম্মান দেখানো হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
In this OpEd, I highlight the following:
— Narendra Modi (@narendramodi) November 26, 2026
UNIQUENESS of our Constitution and Constituent Assembly.
How the Constitution of India is an INSEPARABLE part of my journey.
Ways the NDA Government has STRENGTHENED the Constitution.
Efforts towards boosting SOCIAL AND ECONOMIC…
মোদী লিখেছেন, ‘‘ভারতের নারীশক্তিকে আমি আশ্বাস দিচ্ছি, মহিলাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পথে কোনও শক্তিই আমাদের আটকাতে পারবে না।’’উল্লেখ্য, গত এপ্রিল মাসে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের লক্ষ্যে সংবিধান সংশোধনী বিল আনা হয়েছিল। আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়ার সঙ্গে এই সংরক্ষণ কার্যকর করার প্রস্তাবও ছিল বিলে। তবে লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সংবিধানের ১৩১তম সংশোধনী বিল, ২০২৬ পাশ করানো সম্ভব হয়নি।
মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনকে যুক্ত করার বিরোধিতা করেছিলেন বিরোধী দলের নেতারা। কংগ্রেস সাংসদ শশী থারুর এই পদক্ষেপকে ‘রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন’ এবং ‘রাজনৈতিকভাবে ক্ষমতা কেড়ে নেওয়া’র সঙ্গে তুলনা করেছিলেন।
নিজের নিবন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদেরও নিশানা করেছেন, যাঁরা দীর্ঘ পাঁচ দশক ধরে দেশ শাসনের সুযোগ পেয়েছিলেন। তাঁর অভিযোগ, এই সময়ের মধ্যে তাঁরাই সংবিধানকে দুর্বল করেছেন। মোদী উল্লেখ করেছেন, চলতি বছর ১৯৫১ সালের প্রথম সংবিধান সংশোধনীর ৭৫ বছর পূর্ণ হচ্ছে। পাশাপাশি, জরুরি অবস্থার সময় আনা ১৯৭৬ সালের ৪২তম সংবিধান সংশোধনীরও ৫০ বছর পূর্ণ হচ্ছে। ওই সংশোধনীর মাধ্যমে আদালতের বিচারবিভাগীয় পর্যালোচনার ক্ষমতা কমানো হয়েছিল বলে উল্লেখ করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর দাবি, ১৯৫১ সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচনের কয়েক মাস আগেই একটি অস্থায়ী সংসদে প্রথম সংবিধান সংশোধনী পাশ করানো হয়েছিল। তাঁর অভিযোগ, এর উদ্দেশ্য ছিল নাগরিকদের মৌলিক স্বাধীনতার অধিকার সীমিত করা এবং সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদের পথ বন্ধ করে দেওয়া।