বোমা হামলার হুমকিতে বৃহস্পতিবার কার্যত তটস্থ মুম্বই। শহরের মেয়র ঋতু তাওড়ে এবং পুর কমিশনার অশ্বিনী ভিড়ের দফতরে পাঠানো এক হুমকি ই-মেলে দাবি করা হয়েছে, মেয়রের অফিস, বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’ এবং শহরের আরও একাধিক জায়গায় বোমা রাখা হয়েছে। হুমকি-বার্তা পাওয়ার পরেই মুম্বই জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
ই-মেলে দাবি করা হয়েছে, মহালক্ষ্মী রেসকোর্স, সায়ন এবং আচার্য মেট্রো স্টেশনেও বিস্ফোরক রাখা হয়েছে। খবর ছড়াতেই সংশ্লিষ্ট এলাকাগুলিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। হুমকির সত্যতা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
অমিতাভের ‘জলসা’কে লক্ষ্য করে এ ধরনের হুমকি অবশ্য এই প্রথম নয়। এর আগে গত ২৩ অক্টোবরও একই ধরনের হুমকি পাওয়ার কথা মুম্বই পুলিশকে জানানো হয়েছিল। গত মাসে বান্দ্রা-কুর্লা কমপ্লেক্স (বিকেসি) এলাকার একটি স্কুলেও হুমকি ই-মেল এসেছিল। সেই বার্তাতেও অমিতাভের ‘জলসা’র উল্লেখ ছিল।
এর পর থেকেই অমিতাভের নিরাপত্তা বাড়ানো হয়েছিল। প্রতি রবিবার অনুরাগীদের সঙ্গে দেখা করতে বাড়ির বাইরে বেরোনোর সময় তাঁর চারপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। বাড়ির সামনে ভিড় করা অনুরাগীদেরও নজরদারিতে রাখা হয়। অমিতাভের সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চনও। বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে অনুরাগীদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে।
এ দিকে কাজের দিক থেকে এখনও ব্যস্ত অমিতাভ। টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো ‘কউন বনেগা করোরপতি’-র সঞ্চালকের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। বড় পর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছিল রজনীকান্ত অভিনীত তামিল ছবি ‘ভেট্টাইয়ান’-এ। ২০২৪ সালে মুক্তি পাওয়া সেই ছবির পর ফের নতুন কাজের অপেক্ষায় রয়েছেন অভিনেতা।