দাদাকে বাড়িতে না পেয়ে ভাইকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ! ৭০ লক্ষ টাকা পাওনা ঘিরে অপহরণের ছক, আর সেই ঘটনায় এক মহিলা সহ পুলিশের জালে চার অভিযুক্ত! বোলপুর থেকে উদ্ধার অপহৃত, সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য!

বিশ্বজিত নস্কর নিজস্ব সংবাদদাতা
\নরেন্দ্রপুর থানার খেয়াদা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাটিপোতা গোপালনগর এলাকায় প্রবীর দাসের বাড়িতে হানা দেয় অভিযুক্তরা। কিন্তু প্রবীর দাসকে বাড়িতে না পেয়ে তাঁর ভাই মিলন দাসকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বুধবার বীরভূমের বোলপুর থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। উদ্ধার করা হয় অপহৃত মিলন দাসকেও। পুলিশ সূত্রে খবর, প্রবীর দাসের কাছে ৭০ লক্ষ টাকা পাওনা ছিল অভিযুক্তদের। সেই টাকা না দেওয়াকে কেন্দ্র করেই অপহরণের পরিকল্পনা বলে অভিযোগ। প্রবীর দাস পেশায় একজন প্রোমোটার। তাঁকে বাড়িতে না পেয়ে তাঁর ভাইকে অপহরণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
ধৃতরা হল শেখ মুজিবর, অনুপম মিত্র, শুভেন্দু পাইন ও অনামিকা দত্ত ঘোষ। পুলিশের অনুমান, এই অপহরণকাণ্ডে আরও অনেকে জড়িত থাকতে পারে। সেই সূত্র খুঁজতেই ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। অপহরণে ব্যবহৃত গাড়িটির এখনও খোঁজ মেলেনি। গাড়ির সন্ধানে তল্লাশি চলছে। পাশাপাশি ধৃতদের অন্য কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার চার অভিযুক্তকে বারুইপুর আদালতে পেশ করা হয়।