আসানসোলে এনকাউন্টার! পুলিশের গুলিতে জখম কুখ্যাত অপরাধী

আসানসোলে জনবহুল এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে ঢুকে পড়ে কুখ্যাত অপরাধী প্রতাপ দাস। এরপর একটি বাড়িতে আশ্রয় নিয়ে পুলিশের নজর এড়ানোর চেষ্টা করে সে। খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। কিন্তু পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছতেই গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা জবাব দেয় পুলিশও। দু’পক্ষের গুলির লড়াইয়ে প্রতাপের পায়ে গুলি লাগে। এরপরই তাকে কাবু করে পুলিশ। আসানসোলের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রুদ্ধশ্বাস এই পুলিশি অভিযানে ফের সামনে এল শহরের অপরাধজগতের ছবি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

আঁকাবাঁকা সরু গলি, দু’পাশে ঘন ঘন বাড়ি। চারপাশে বসতি, মানুষের আনাগোনা। এমনই জনবহুল এলাকায় আচমকাই আগ্নেয়াস্ত্র হাতে ঢুকে পড়ে এক দুষ্কৃতী। পুলিশের চোখে ধুলো দিতে আশ্রয় নেয় একটি বাড়িতে। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ। বাড়ির পাঁচিল টপকে বন্দুক হাতে অভিযুক্তের খোঁজ শুরু করেন পুলিশকর্মীরা। কিন্তু ধরা পড়ার আগেই পালানোর মরিয়া চেষ্টা করে দুষ্কৃতী। আচমকাই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সে। পাল্টা জবাব দেয় পুলিশও। পরপর গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। শেষ পর্যন্ত পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে অভিযুক্ত। কোনও ওয়েব সিরিজের চিত্রনাট্য নয়, একেবারে বাস্তবের ঘটনা। শুক্রবার সকালে আসানসোলে ঘটে যাওয়া এই রুদ্ধশ্বাস এনকাউন্টারের মুহূর্ত বন্দি হয়েছে ক্যামেরায়।

ঘটনাটি আসানসোলের হীরাপুর এলাকার। ধৃত দুষ্কৃতীর নাম প্রতাপ দাস। পুলিশ সূত্রে খবর, দু’দিন আগেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল সে। এরপর থেকেই তার সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। শুক্রবার সকালে গোপন সূত্রে প্রতাপের অবস্থান জানতে পারেন তদন্তকারীরা। খবর পেয়েই হীরাপুরের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় পৌঁছে যায় পুলিশের বিশেষ দল।

সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, পাড়ারই একটি বাড়িতে আত্মগোপন করে রয়েছে প্রতাপ। অভিযানে স্থানীয় বাসিন্দারাও পুলিশকে সহযোগিতা করেন। তাঁরাই নির্দিষ্ট বাড়িটি চিহ্নিত করে দেন। এরপর শুরু হয় তল্লাশি। কখনও সরু গলিতে বন্দুক হাতে এগিয়ে যাওয়া, কখনও আবার পাঁচিলের উপর উঠে চারপাশে নজর রাখা—পুরো অভিযান জুড়েই ছিল টানটান উত্তেজনা। দুষ্কৃতীকে ধরতে রীতিমতো ঘিরে ফেলা হয় গোটা এলাকা। পুলিশের এই নাটকীয় অভিযান দেখে কার্যত থমকে যান স্থানীয় বাসিন্দারা।

পুলিশের সঙ্গে প্রতাপের মুখোমুখি সংঘর্ষের সেই শ্বাসরুদ্ধকর দৃশ্যও ধরা পড়েছে ক্যামেরায়। চারদিক থেকে পুলিশ ঘিরে ফেলেছে বুঝতে পেরেই শেষ মুহূর্তে পালানোর মরিয়া চেষ্টা করে সে। সেই সময়ই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় প্রতাপ। জবাবে পাল্টা তিন রাউন্ড গুলি ছোড়েন পুলিশকর্মীরা। পুলিশের গুলিতে পায়ে আঘাত লাগে প্রতাপের। এরপর আর পালিয়ে যাওয়ার সুযোগ পায়নি সে। কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে অভিযুক্ত। সেখান থেকে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। আহত অবস্থায় প্রতাপকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

অপরাধ জগতে প্রতাপের পরিচিতি অবশ্য নতুন নয়। ছোট বয়স থেকেই একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল সে। এমনকি নাবালক থাকাকালীন জুভেনাইল আদালতেও তার বিচার হয়েছে। দীর্ঘ সময় হোমে কাটাতে হয়েছে তাকে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরও অপরাধের পথ থেকে সরে আসেনি প্রতাপ। একের পর এক ঘটনায় জড়িয়েছে তার নাম।

অতীতে সালানপুরের একটি পেট্রোল পাম্পে ডাকাতি, পুরুলিয়ায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো এবং আসানসোল বাজার এলাকায় ভাই-বোন খুনের ঘটনায় অস্ত্র ভাড়া দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি বাড়ি ফিরেছিল প্রতাপ। সেই খবর পেয়েই তাকে ধরতে অভিযান চালায় পুলিশ। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালিয়ে পালিয়ে যায় সে। তারপর থেকেই তার খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়। অবশেষে শুক্রবার সকালে হীরাপুরে পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ল এই দাগী দুষ্কৃতী। দীর্ঘদিনের খোঁজাখুঁজির পর প্রতাপকে পাকড়াও করতে গিয়ে রীতিমতো রুদ্ধশ্বাস পরিস্থিতির মুখোমুখি হতে হল পুলিশকে।