কেরলের ১৭ বছরের কিশোর। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন ‘AI Kid of India’ নামে। এ বার তাঁর কৃতিত্বের তালিকায় যোগ হল আরও এক চমকপ্রদ মুহূর্ত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেলফি তুলে সমাজমাধ্যমে পোস্ট করলেন রাউল জন আজু। সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
মস্কোয় আয়োজিত আন্তর্জাতিক এআই সম্মেলন ‘AI Journey 2026’-এ যোগ দিয়েছিলেন রাউল। তিন দিনের এই সম্মেলন শুরু হয়েছে বৃহস্পতিবার, ২৬ নভেম্বর। বিশ্বের বিভিন্ন দেশের এআই বিশেষজ্ঞ, প্রযুক্তিবিদ এবং তরুণ প্রতিভারা সেখানে হাজির হয়েছেন। সম্মেলনের প্লেনারি অধিবেশন শেষ হওয়ার পরেই পুতিনের সঙ্গে রাউলের সাক্ষাৎ হয় বলে রুশ সংবাদমাধ্যম সূত্রে খবর।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই মুহূর্তের ছবি পোস্ট করে রাউল লিখেছেন, ‘‘এখনও ঘটনাটা বিশ্বাস করতে পারছি না। ছোটবেলায় মজা করে ভিডিয়ো বানানো থেকে ১৭ বছর বয়সে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা—জীবন এমন কিছু সুযোগ দিয়েছে, যার স্বপ্ন দেখার কথাও জানতাম না।’’
রুশ দূতাবাসও রাউলের পরিচয় তুলে ধরে তাঁকে ‘ThinkCraft’ প্ল্যাটফর্মের নির্মাতা স্কুলপড়ুয়া হিসেবে উল্লেখ করেছে। শুধু পুতিনই নন, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের সঙ্গেও তরুণ এআই প্রতিভাদের বৈঠকে রাউল ছিলেন বলে জানিয়েছে দূতাবাস।
রাউলের এআই-যাত্রা শুরু মাত্র ন’বছর বয়সে। নিজে নিজেই কৃত্রিম বুদ্ধিমত্তা শেখার পর তৈরি করেন ‘MeBot’ নামে একটি রোবট। পরে গড়ে তোলেন ‘AI Realm Technologies’ নামে স্টার্টআপ। বর্তমানে সেখানে প্রায় ১৫ জন কর্মী রয়েছেন। তাঁর সংস্থা এখনও পর্যন্ত বিশ্ব জুড়ে প্রায় পাঁচ লক্ষ পড়ুয়াকে এআই প্রশিক্ষণ দিয়েছে।
রাউলের বাবা তাঁর সংস্থায় কাজ করেন এবং মাসে প্রায় ২ লক্ষ টাকা বেতন পান—বাবার নিয়োগকর্তা ছেলে, এমন ঘটনাও তাঁর জীবনযাত্রাকে ঘিরে তৈরি করেছে আলাদা কৌতূহল। মস্কোর সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাতের পর সেই কৌতূহলই যেন আরও কয়েক গুণ বেড়ে গেল।