কলকাতার রবীন্দ্র সরোবরে ফের বসতে চলেছে আন্তর্জাতিক রোয়িংয়ের আসর। আগামী ১ থেকে ৫ ডিসেম্বর ঢাকুরিয়া লেক সংলগ্ন কলকাতা রোয়িং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হবে চতুর্থ আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ রেগাট্টা-২০২৬। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে প্রতিযোগিতার বিস্তারিত ঘোষণা করলেন উদ্যোক্তারা। এবারের আসরে প্রায় শতাধিক পুরুষ ও মহিলা রোয়িং প্রতিনিধি যোগ দেবেন বলে জানানো হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
কলকাতা রোয়িং ক্লাবের সহ-সভাপতি তথা রেগাট্টা কমিটির চেয়ারম্যান গিরি চতুর্বেদী জানান, এ বারের প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছয় দেশের আন্তর্জাতিক মানের রোয়িং খেলোয়াড়দের অংশগ্রহণ। যুক্তরাজ্য, সুইডেন, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া এবং হংকং ও চিন থেকে প্রতিযোগীরা কলকাতায় আসবেন।
আগামী মঙ্গলবার, ১ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনের প্রতিযোগিতা। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রাজ্যের অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্তের। প্রতিযোগিতার সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডা. ইন্দ্রনীল খানের উপস্থিত থাকার কথা জানিয়েছেন উদ্যোক্তারা।
রেগাট্টা সম্পাদক শুভজিৎ ঘোষ জানান, বয়সভিত্তিক প্রতিযোগিতায় তিনটি বিভাগ থাকছে— ওপেন, মাস্টার্স এবং সুপার মাস্টার্স। প্রতিযোগিতায় চার ধরনের ইভেন্টও রাখা হয়েছে। সেগুলি হল সিঙ্গল স্কালস বা ওয়ান-এক্স, ডাবল স্কালস বা টু-এক্স, পেয়ার্স বা টু-মাইনাস এবং ফোর বা ফোর-প্লাস।
এ বারের প্রতিযোগিতার মূল ভাবনা ‘Power of Friendship’। খেলাধুলার মাধ্যমে বিভিন্ন দেশের রোয়িংপ্রেমী ও প্রতিযোগীদের মধ্যে বন্ধুত্ব এবং পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
সাংবাদিক বৈঠকে চন্দন রায় চৌধুরী, বিপ্লব কুমার দত্ত, দীপঙ্কর ঘোষ-সহ আয়োজক কমিটির একাধিক সদস্য উপস্থিত ছিলেন। পাঁচ দিনের এই আন্তর্জাতিক প্রতিযোগিতাকে ঘিরে কলকাতার রোয়িং মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসাহ।