নিজেকে সাংবাদিক বলে দাবি করলেই কি মিলবে স্বীকৃত সাংবাদিকদের সমান আইনি সুরক্ষা? এই প্রশ্নকে ঘিরেই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। আদালতের মন্তব্য, শুধু নিজের মুখে সাংবাদিক পরিচয় দিলেই সেই পরিচয় স্বীকৃত হয়ে যায় না। বিশেষ করে সমাজমাধ্যমে কনটেন্ট তৈরি করা প্রত্যেক ব্যক্তিকে স্বীকৃত সাংবাদিকের সমান মর্যাদা ও সুরক্ষা দেওয়া যায় কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে প্রতিবাদ কর্মসূচির খবর সংগ্রহ করতে গিয়ে কয়েক জন সাংবাদিক পুলিশের হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। সেই সংক্রান্ত মামলার শুনানিতেই এই পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাগচীর। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে বিষয়টি নিয়ে শুনানি হয়।
শুনানিতে বিচারপতি বাগচী বলেন, সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, স্বীকৃত টেলিভিশন সংবাদমাধ্যমের প্রতিনিধি কিংবা নিবন্ধিত ডিজিটাল সংবাদমাধ্যমের সাংবাদিকদের পেশাগত পরিচয় যাচাই করার নির্দিষ্ট ভিত্তি রয়েছে। কিন্তু সমাজমাধ্যমে রিল তৈরি করেন বা বিভিন্ন বিষয়ে কনটেন্ট প্রকাশ করেন— এমন প্রত্যেক ব্যক্তিকে একই ভাবে সাংবাদিক হিসাবে বিবেচনা করা যায় কি না, সেই প্রশ্ন রয়েছে।
তবে আদালত একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছে, বিক্ষোভ বা জনসমাবেশে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের স্বাধীনতাও রক্ষা করতে হবে। পুলিশের দায়িত্ব আইনশৃঙ্খলা বজায় রাখা। ফলে সংবাদ সংগ্রহের অধিকার এবং পুলিশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব— দুইয়ের মধ্যে ভারসাম্য জরুরি।
প্রয়োজনে জনসমাবেশের সময় সাংবাদিকদের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে স্পষ্ট নির্দেশিকা বা ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়র’ (SOP) তৈরির ক্ষেত্রেও আদালত হস্তক্ষেপ করতে পারে বলে জানানো হয়েছে।
কেরালা ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্টসের তরফে সাত জন সাংবাদিককে পুলিশ হেনস্থা করেছে বলে অভিযোগ করা হয়। তবে অভিযোগের সত্যতা নিয়ে এই পর্যায়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি আদালত। বরং সংশ্লিষ্ট অনুসন্ধান কমিটির কাছে গিয়ে অভিযোগের তথ্য ও প্রমাণ পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ফলে এই শুনানিতে এক দিকে সাংবাদিকদের পেশাগত অধিকার, অন্য দিকে সাংবাদিক পরিচয়ের বৈধতা এবং পুলিশের দায়িত্ব— তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নই সামনে এল।