গুজরাটের ভদোদরায় জইশ-ই-মহম্মদ (JeM)-এর সঙ্গে যুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল গুজরাটের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS)। শুক্রবার এক ATS আধিকারিক এই খবর জানিয়েছেন। ধৃতের নাম মহম্মদ সাহারুল ইসলাম অসম (Md Saharul Islam Assam)। তাঁর কাছ থেকে একটি রাইফেল এবং ২০টিরও বেশি তাজা কার্তুজ উদ্ধার করেছেন ATS আধিকারিকরা। এই ঘটনায় বড়সড় অভিযান শুরু করেছে ATS। ধৃতের পরিচয় এবং অভিযানের বিষয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে তদন্তকারী মহল।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে শেষ সক্রিয় স্থানীয় জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর কয়েক দিন পরেই উপত্যকায় জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় অভিযান শুরু হয়েছে। নিরাপত্তা সংস্থার সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরে এখনও প্রায় ৬৫ জন পাকিস্তানি জঙ্গি সক্রিয় রয়েছে। তারা লস্কর-ই-তইবা (LeT), জইশ-ই-মহম্মদ (JeM) সহ একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত।
নিরাপত্তা সংস্থার আধিকারিকদের দাবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই ৬৫ জনের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। তাঁদের মধ্যে ৩৫ জন লস্কর-ই-তইবার এবং ২৫ জন জইশ-ই-মহম্মদের সদস্য। বাকিরা অন্যান্য নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। ২০০১ সালের সংসদ হামলা, ২০১৬ সালের উরি হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা বিস্ফোরণের মতো বড় নাশকতার পিছনে পাকিস্তানভিত্তিক এই সংগঠনগুলির হাত ছিল বলে অভিযোগ। সীমান্তের ওপার থেকে সাহায্য নিয়ে নিয়ন্ত্রণরেখা (LoC) দিয়ে অনুপ্রবেশ করে তারা।
গোয়েন্দা সূত্রে আরও জানা গিয়েছে, গত ১৮ নভেম্বর কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে লতিফ ভাটের মৃত্যু হয়। টানা আট দিন ধরে তল্লাশি অভিযান চালানোর পর তাঁকে খতম করা হয়। লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত লতিফই ছিলেন কাশ্মীর উপত্যকার শেষ পরিচিত সক্রিয় স্থানীয় জঙ্গি। তাঁর মৃত্যুর পর জম্মু ও কাশ্মীরে বর্তমানে কোনও সক্রিয় স্থানীয় জঙ্গির নাম নথিভুক্ত নেই বলে দাবি আধিকারিকদের।
নিরাপত্তা সংস্থার হিসাব অনুযায়ী, ২০২৪ সালে জম্মু ও কাশ্মীরে স্থানীয় ও বিদেশি মিলিয়ে সক্রিয় জঙ্গির সংখ্যা ছিল ৯১। বর্তমানে সেই সংখ্যা কমে প্রায় ৬৫ হয়েছে। তবে এখন তালিকায় থাকা প্রত্যেকেই পাকিস্তানি নাগরিক বলে জানা গিয়েছে। স্থানীয় জঙ্গিদের সংখ্যা কমলেও জম্মু অঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকা এবং ঘন জঙ্গলে এখনও পাকিস্তানি জঙ্গিদের উপস্থিতি চিন্তার কারণ হয়ে রয়েছে।বিশেষ করে পুঞ্চ, রাজৌরি, কিশ্তওয়ার এবং ডোডা জেলায় জঙ্গিদের গতিবিধির উপর নজর রাখছে নিরাপত্তাবাহিনী। ১৯৮০-র দশকের শেষ দিক থেকেই এই অঞ্চলগুলি জঙ্গি কার্যকলাপের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনগুলির মদত, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং উগ্রপন্থী ভাবধারা ছড়ানোর চেষ্টার কারণে পরিস্থিতি জটিল হয়েছে।
আধিকারিকদের বক্তব্য, ৬৫ জন জঙ্গির এই সংখ্যা বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার রিপোর্টের ভিত্তিতে তৈরি করা হয়েছে। তবে জঙ্গিরা বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করায় প্রকৃত সংখ্যা এবং তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন।গত ১৮ নভেম্বর উধমপুরের শের-ই-কাশ্মীর পুলিশ অ্যাকাডেমিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা আশা প্রকাশ করেন, খুব শীঘ্রই জম্মু ও কাশ্মীর জঙ্গিমুক্ত হবে। তাঁর দাবি, বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে হাতে গোনা কয়েকজন বিদেশি জঙ্গি সক্রিয় রয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক সংস্থা যৌথভাবে অভিযান চালিয়ে এই জঙ্গিদের খতম করার পরিকল্পনা করছে। চলতি বছরের শুরুতে কিশ্তওয়ারে সইফুল্লার নেতৃত্বাধীন জইশ-ই-মহম্মদের সাত জঙ্গিকে খতম করা সেই অভিযানের অন্যতম বড় সাফল্য। ২০২৪ সালের এপ্রিল মাসে অনুপ্রবেশ করেছিল ওই জঙ্গিগোষ্ঠী। এরপর একাধিক অভিযান চালিয়ে ২২ ফেব্রুয়ারি ছত্রু এলাকায় ‘অপারেশন ত্রাশি-১’-এর মাধ্যমে গোষ্ঠীটির সব সদস্যকে নিকেশ করা হয়।
নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, ২০২২ সালে জম্মু ও কাশ্মীরে মোট ১৩৫ জন সক্রিয় জঙ্গি ছিল। তাঁদের মধ্যে ৮৫ জন বিদেশি এবং ৫০ জন স্থানীয়। ২০২৩ সালে সেই সংখ্যা প্রায় ৪৮ জন কমে যায়। ধারাবাহিকভাবে জঙ্গির সংখ্যা কমার পিছনে নিরাপত্তাবাহিনীর লাগাতার সন্ত্রাসবিরোধী অভিযানকেই অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। তবে জঙ্গির সংখ্যা কমলেও সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধ করা, জঙ্গিদের মদতদাতাদের চিহ্নিত করা এবং দুর্গম এলাকায় লুকিয়ে থাকা বিদেশি জঙ্গিদের খুঁজে বের করাই এখন নিরাপত্তা সংস্থাগুলির প্রধান লক্ষ্য। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল করে শান্তি ফেরাতে নজরদারি ও অভিযান আরও জোরদার রাখার কথা জানিয়েছে কেন্দ্র।