রীতি মেনে বড়মার পুজো করলেন অভিষেক। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের হাতে বালেশ্বরী কালো পাথরের বড়মার প্রতিকৃতি তুলে দিল মন্দির কর্তৃপক্ষ।
ঋক পুরকায়স্থ, সাংবাদিক: দুর্গাপুজোর সময় মেয়ের হাত ধরে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যাপাধ্যায়। বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়িয়েছেন তিনি। এর মাধ্যমেই সেরেছে জনসংযোগও। তবে এবার আলোর উৎসব দীপাবলিতেও ময়দানে নামলেন অভিষেক। মঙ্গলবার নৈহাটি গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


সেখানে গিয়ে রীতি মেনে বড়মার মন্দিরে পুজো দিলেন তিনি। শুধু তাই নয়, তাঁকে একটি বালেশ্বরী পাথরের মূর্তিও উপহার দেওয়া হল মন্দির কর্তৃপক্ষের তরফে।



দুর্গাপুজোর সময় মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে নিবিড় জনসংযোগে লিপ্ত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি মেয়ের সাথে ফুচকাও খেতে দেখা গিয়েছিল তাঁকে। কালীপুজোর দিন লেক কালীবাড়িতে যেমন গিয়েছিলেন তিনি, তার পাশাপাশি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোতেও অংশ নিয়েছিলেন। মঙ্গলবার দুপুর বেলায় নৈহাটির উদ্দেশ্যে রওনা দেন তিনি। রাস্তায় যেতে যেতে কর্মী সমর্থকদের সঙ্গে জনসংযোগও সারলেন। রাস্তার দু’ধারে অগণিত কর্মী সমর্থকদের ভিড় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য।


এর আগেও বহুবার বড়মায়ের মন্দিরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৩ সালে মন্দির নতুন করে স্থাপনের পর, উদ্বোধনের সময়ও গিয়েছিলেন অভিষেক। ২০২৪ সালে নির্বাচনের আগে বড়মার মন্দিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, টলিউডের একাধিক তারকারাও নতুন কোন সিনেমা মুক্তির আগে বড়মায়ের মন্দিরে গিয়ে পুজো দেন। ২০২৪ সালে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়মায়ের মন্দিরে যান, তখন মন্দির কর্তৃপক্ষ তাঁকে বড়মায়ের একটি মুর্তি উপহার দিতে চেয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী তখন জানিয়েছিলেন যে, তাঁর বাড়িতে এতবড়ো মুর্তি রাখার জায়গা নেই। ছোট একটি মুর্তি বানিয়ে দেওয়ার কথা বলেছিলেন তিনি। সেই মতোই পাঁচ ইঞ্চি চওড়া ও সাড়ে পাঁচ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট একটি মূর্তি বানিয়েছেন তাঁরা। মুর্তিটি বালেশ্বরী কালো পাথরের। এই মূর্তিটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিলেন মন্দির কর্তৃপক্ষ।


একদিকে বড়মার মন্দিরে পুজো অন্যদিকে জনসংযোগের মধ্যে দিয়ে নির্বাচনের প্রস্তুতি। ২৬ এর নির্বাচনকে মাথায় রেখেই একের পর এক কর্মসূচির পথে এগোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনও দুর্গাপূজার জনসংযোগ, আবার কখনও কালীপুজোয় সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়া। নির্বাচনের প্রাক্কালে জনসংযোগকে এক অন্যমাত্রায় নিয়ে যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।