বলিউডে এবার কর্ণপতন, প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা পঙ্কজ ধীর।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নিজস্ব প্রতিনিধিঃ বিদায় কর্ণ। প্রয়াত জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর। ১৫ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৮, বিআর চোপড়ার মহাভারতের গুরুত্বপূর্ণ চরিত্র কর্ণের মাধ্যমে সকলের মন জয় করেছিলেন তিনি। দীর্ঘ দিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন পঙ্কজ। তবে ধীরে ধীরে সেরেও উঠেছিলেন। কিন্তু, মাসকয়েক আগে আবার তাঁর অবস্থার অবনতি হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। কিন্তু শেষ রক্ষা হল না আর। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর পুরনো বন্ধু এবং সহকর্মীরা।

টেলিভিশন এবং চলচ্চিত্র দুটি ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয় ছিলেন অভিনেতা। পঙ্কজের কণ্ঠস্বর এবং অভিনয় বরাবরই মুগ্ধ করেছে দর্শককে। ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’-এর তরফেও অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টেয় মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
‘মহাভারত’ দিয়ে খ্যাতি অর্জন করলেও, পরবর্তীকালে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেও বেশ কিছু নজরকাড়া অভিনয় করেছিলেন। ‘সনম বেওয়াফা’, ‘বাদশা’, ‘টারজ়ান: দ্য ওয়ান্ডার কার’, ‘আন্দাজ’, ‘জমিন’ এবং ‘তুমকো না ভুল পায়েঙ্গে’-এর মতো সিনেমায় তাঁর অভিনয় দর্শকের স্বীকৃতি অর্জন করেছিল। পঙ্কজ ধীরের ছেলে নিকেতন ধীরও ইন্ডাস্ট্রির একজন সুপরিচিত অভিনেতা। প্রায় ৫৫ বছরের অভিনয় জীবন তাঁর।

বড়পর্দার পাশাপাশি একাধিক হিন্দি ধারাবাহিক ও ওয়েবে সিরিজেও দর্শক পেয়েছেন তাঁকে। তাঁর মৃত্যুতে শোকে মুহ্যমান তাঁর দর্শক-অনুরাগীরা। তাঁর অকালমৃত্যু বিনোদুনিয়ায় এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। অভিনেতার মৃত্যুতে পুরো ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। মহাভারতের যুধিষ্ঠির তথা গজেন্দ্র চৌহান, দুর্যোধন অর্থাৎ পুনিত ইসা সমাজমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন। তাঁদের কথায়, “পঙ্কজ ধীর শুধু একজন অসাধারণ অভিনেতা নন, ছিলেন এক মহৎ মানুষও।”

পঙ্কজ ধীরের ছেলে নিকিতিন ধীরও বলিউডের পরিচিত মুখ। যিনি ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘শের শাহ’ সহ বহু ছবিতে অভিনয় করেছেন। একইসঙ্গে নিকিতিনের স্ত্রী অভিনেত্রী ক্রাতিক সেঙ্গরও জনপ্রিয় টেলিভিশন তারকা। প্রিয়জনের এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবার ও সহকর্মীরা।