Agitation at Nadia krishnanagar for Bangladesh Dipu Das murder : ইউনুসের কুশপুতুল দাহ করে বিক্ষোভ নদিয়ার কৃষ্ণনগরে। দীপু দাসের হত্যার ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

বিশ্বজিৎ দেবনাথ, নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের হত্যার অভিযোগকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় নদিয়ার কৃষ্ণনগরে বিক্ষোভে সামিল হল হিন্দু জাগরণ মঞ্চ। কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করে সেদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে। ইউনুসের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান তাঁরা।
হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের দাবি, বাংলাদেশে একের পর এক হিন্দুদের উপর অত্যাচার ও হত্যা হলেও আন্তর্জাতিক মহল নীরব ভূমিকা পালন করছে। দীপু দাসের হত্যার ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন স্লোগান তোলেন তারা। পাশাপাশি, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।
বিক্ষোভ চলাকালীন এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। যদিও কর্মসূচি চলাকালীন কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীদিনেও এই দাবিতে তারা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবেন।