বাসন্তীতে বিজেপি প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ

বিজেপি প্রার্থী বিকাশ সরদারের প্রচারকে কেন্দ্র করে রণক্ষেত্র। কাঠগড়ায় তৃণমূল।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। বিধানসভা উপনির্বাচনের প্রাক্কালে বিজেপি প্রার্থী বিকাশ সরদারের প্রচারকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বাসন্তী বাজার এলাকা। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে প্রচার চলাকালীন বিজেপি প্রার্থীর ওপর অতর্কিতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, হামলাকারীরা বিজেপির মিছিলে ঢুকে পড়ে এবং সেখানে থাকা অন্তত দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রশাসনের মদতেই এই হামলা চালানো হয়েছে এবং পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের।

বিজেপি প্রার্থী বিকাশ সরদার বলেন, “তৃণমূল হারের ভয়ে এখন সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। পুলিশ সব দেখেও নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিল।” যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।