ট্রাম্পের ‘ভিসা’ বোমায় চুরমার ভারতীয়দের ‘মার্কিন স্বপ্ন’?

মাম্পি রায়, সাংবাদিকঃ ফের বদলাচ্ছে এইচ-১বি ভিসার মূল্য। এই সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রোসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। চিরকালই আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে সাযুজ্য রেখে কাজে বিশ্বাসী তিনি। এবারও তার অন্যথা হল না। মার্কিন নাগরিকদের কর্মসংস্থান এবং অন্ন সংস্থানে যাতে কোনও সমস্যা না হয় সেজন্যই নয়া হাতিয়ার ট্রাম্পের। শুক্রবার একধাক্কায় H1B ভিসার দাম ১ লক্ষ ডলার করে দিলেন ট্রাম্প। ভারতীয় মুদ্রায় যা ৮৮ লক্ষ টাকার কাছাকাছি। এমনই একটি আদেশে শুক্রবার স্বাক্ষর করেছেন ট্রাম্প। সুতরাং যেসব ভারতীয়রা আমেরিকায় কাজ করার বা প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছেন, তাঁরা আশাহত হতে পারেন।

তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে কর্মরত বহু ভারতীয়র আমেরিকায় গিয়ে চাকরি করার এবং নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেন। সেক্ষেত্রেও যথেষ্ট বেগ পেতে হবে তাঁদের। এতদিন H1-B ভিসা পেতে খরচ পড়ত ২১৫ মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ১৮ হাজার ৯৩৯ টাকার সমান। ট্রাম্পের ভিসার মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের পর তা হবে ১ লক্ষ মার্কিন ডলার। অর্থাৎ এবার ওই ভিসা পেতে গেলে ভারতীয় মুদ্রায় গুনতে হবে ৮৮ লক্ষ ১১ হাজার টাকা!

মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানাচ্ছেন, এক বছরের এইচ-ওয়ানবি ভিসা পেতে গেলে এক লক্ষ ডলার লাগবে। সমস্ত বড় সংস্থাই বোর্ডে রয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলে নিয়েছি। সেই সঙ্গে তিনি পরিষ্কার করে দিয়েছেন, মার্কিন স্নাতকদের অগ্রাধিকার দেওয়ার ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লুটনিক জানাচ্ছেন, প্রশিক্ষণ দিতে হলে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলি থেকে সদ্য স্নাতকদের মধ্যে থেকেই বেছে নেওয়া হোক। আমেরিকানদের প্রশিক্ষণ দিন। বাইরে থেকে আমাদের চাকরি খেতে লোক আনাটা বন্ধ করা হোক। আমাদের এই পরিবর্তনকে সমর্থন করেছেন প্রযুক্তি ক্ষেত্রের মানুষজন। এই নতুন ভিসা ফি নিয়ে তারা বেশ খুশি। তবে আমাজন, অ্যাপল, গুগল, মেটার মতো শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি সংস্থাগুলির আধিকারিকরা কেউই এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ভারতীয় নিয়োগকর্তা বিজ্ঞান,  প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিতের ক্ষেত্রে কর্মরত। বিবিসির ২০২৩-এর রিপোর্ট অনুযায়ী, প্রায় ৬৫ শতাংশ ভারতীয় H1-B ভিসা নিয়েছেন। তাঁরা মূলত কম্পিউটার সংক্রান্ত ক্ষেত্রে কর্মরত। H1-B ধারকদের ক্ষেত্রে বার্ষিক বেতন প্রায় ১১৮,০০০ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ৩ লক্ষ ৯৪ হাজার ৮৩২ টাকার সমান।