আনন্দপুর অগ্নিকাণ্ড: মৃত ২১, নিখোঁজ ২৮

আজই ডিএনএ ম্যাপিং, কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা :  আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিস্থিতি এখনও গভীর উদ্বেগজনক। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি পুলিশের খাতায়  ২৮ জন নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে উদ্ধারকাজ চলছে।

উদ্ধার হওয়া ২১টি দেহাংশের পরিচয় নিশ্চিত করতে আজই ডিএনএ ম্যাপিং শুরু হতে পারে বলে জানানো হয়েছে। নিহতদের সঠিক পরিচয় নির্ধারণে এই প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে গতকাল মধ্যরাত থেকে ভারতীয় ন্যায় সংহিতা ১৬৩ ধারা (পূর্বতন আইপিসি ১৪৪) জারি করা হয়েছে। ফলে এলাকায় জমায়েত ও যাতায়াতের উপর কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এদিকে, সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাস্থলে বুলডোজার ঢোকে। ভস্মীভূত প্লাস্টিক ফুলের গুদামের দুমড়ে-মুচড়ে যাওয়া টিনের শেড উপড়ে ফেলে নিখোঁজদের দেহাংশ খোঁজার কাজ শুরু হয়।