Bankura BJP news: বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় জেলা সভাপতি পদে বদল, রাজনৈতিক বিতর্ক

মিলন কর্মকার, নিজস্ব সংবাদদাতা: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপির জেলা সভাপতি বদল করা হল। সুজিত অগস্তিকে ওই পদ থেকে সরিয়ে বসানো হল তাপস বসুকে। তাপস বসু এতদিন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি পদে ছিলেন। নির্বাচনের আগে এই রদবদলকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রটি বিজেপির হাত ছাড়া হলেও বিষ্ণুপুর লোকসভায় নিজেদের জয় অব্যাহত রাখে গেরুয়া শিবির। গত বিধানসভা নির্বাচনেও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ৭ টির মধ্যে ৫ টি আসনে জয় পায় বিজেপি। বছর ঘুরলেই রাজ্যে ফের বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই ওই জেলার সাংগঠনিক শীর্ষ পদে রদবদল ঘটালো বিজেপি। শুক্রবার বিজেপির রাজ্য সভাপতির তরফে লিখিতভাবে জানানো হয় বিষ্ণুপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি পদ থেকে সুজিত অগস্তিকে সরিয়ে ওই পদের দায়িত্ব দেওয়া হয়েছে এতদিন দলের জেলার সহ সভাপতি পদে থাকা তাপস বসুকে। নবনিযুক্ত তাপস বসু দায়িত্ব নিয়েই বলেন, শুধুমাত্র দায়িত্ব বদল হয়েছে। অপসারিত জেলা সভাপতিকে সম্ভবত আরো বড় দায়িত্ব দেওয়া হবে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় ৭ টি আসনে জয়ই তাঁর একমাত্র লক্ষ্য সেকথাও স্পষ্ট করে দেন নব নিযুক্ত জেলা সভাপতি। অপসারিত জেলা সভাপতি সুজিত অগস্তি ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি। তাঁর বক্তব্য দলীয় সিদ্ধান্ত তিনি মাথা পেতে নিয়েছেন। দলের কর্মী হিসাবেই আগামীদিনে কাজ করে যাবেন। তৃণমূলের কটাক্ষ, বিজেপির অন্দরে ক্রমশ তীব্র হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। সেই দ্বন্দেরই ফল এই রদবদল। অভিযোগ উড়িয়ে ওন্দার বিজেপি বিধায়কের দাবি, ” এই বদল সাংগঠনিক বিষয়। নির্বাচনকে সামনে রেখে দল তার নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে। তার অঙ্গ হিসাবেই এই দায়িত্ব বদল।