জয়নগর থেকে উদ্ধার অবৈধ অস্ত্র, গ্রেফতার ১ ব্যবসায়ী

আগামী বছরেই রাজ্যে নির্বাচন। তার আগে চলতি বছরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে অস্ত্র।

ডিজিটাল ডেস্ক: ফের রাজ্যে উদ্ধার অবৈধ অস্ত্র। এবার অস্ত্র বিক্রির আগেই গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ী। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনা জয়নগরে (Joynagar)। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার পুলিশ বামনগাছি এলাকার একটি চায়ের দোকান থেকেই গ্রেফতার করে এক অস্ত্র ব্যবসায়ীকে। ধৃত অস্ত্র ব্যবসায়ীর নাম শাহাজাহান শেখ। বাড়ি ক্যানিং থানার হেরো ভাঙ্গা পোস্ট অফিসের গোপালপুর গ্রামে। ধৃত জয়নগরে এসে অস্ত্র বিক্রির চেষ্টা করছিল। কিন্তু পাচারের আগেই তাঁকে পাকড়াও করে পুলিশ।

পুলিশসূত্রে খবর, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার বন্দুক, এক রাউন্ড তাজা কার্তুজ ও কুড়ি ইঞ্চি লম্বা বডি পার্টস সহ একটি ব্যারেল বিহীন রাইফেল। ধৃতের বিরুদ্ধে ২৫/২৭ অস্ত্র আইনে মামলা রুজু করেছে। পুলিশ ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

তদন্তকারী আধিকারিকরা ধৃত শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়ে সে কবে থেকে এই অস্ত্র ব্যবসা করছে? কার কাছে সে অস্ত্র বিক্রি করতে এসেছিল? আর কে কে এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে? এইসব বিষয় জানার চেষ্টা করবে। আগামী বছরেই রাজ্যে নির্বাচন। তার আগে চলতি বছরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে অস্ত্র। যা নিঃসন্দেহে চিন্তার বিষয়। কয়েকদিন আগেই খড়গপুর থেকে উদ্ধার বিপুল পরিমাণের অস্ত্র। গ্রেফতার এক অস্ত্র ব্যবসায়ী।