Bangladesh: বাংলাদেশের ‘আচ্ছে দিন’ আসছে আগামী বছরেই, ইউনুসের নজর রাষ্ট্রপতির পদে

আগামী বছরেই বাংলাদেশে নির্বাচন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে আগামী বছরেই বাংলাদেশে (Bangladesh) হতে চলেছে জাতীয় নির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে ১২ ফেব্রুয়ারি হতে পারে ভোটগ্রহণ পর্ব। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এমএম নাসিরউদ্দিন। প্রধান নির্বাচন কমিশনারের কথায়, একদফাতেই হবে নির্বাচনী প্রক্রিয়া। তার আগে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া শুরু হবে ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনিত প্রার্থীদের তালিকা প্রকাশ হবে ২০ জানুয়ারি, ২১ জানুয়ারি হবে প্রতীক বরাদ্দ এবং ২২ জানুয়ারি থেকে হবে প্রচারের কাজ।

বাংলাদেশে গণ অভ্যুত্থানের হওয়ার পর থেকে দেশে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছিলেন মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। নোবেলজয়ী ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই একাধিক বিতর্ক সৃষ্টি করেছেন। প্রাক্তন শাসক দল আওয়ামী লিগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এদিকে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে নীরব থাকা নিয়েও যথেষ্ট বিতর্ক হয়েছে। এই অবস্থায় ক্ষমতাচ্যুত না হওয়ার জন্য নির্বাচনের ঘোষণাও পিছিয়েছেন তিনি। তবে শেষমেশ চাপে পড়ে কয়েকমাস আগে সাধারণ নির্বাচনের ঘোষণা করেছিলেন ইউনুস।

এদিকে নির্বাচন হলে যে দল জিতবে সেই দল সরকার গঠন করবে। ফলে ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছেন ইউনুস। এদিকে দেশের বর্তমান রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন মেয়াদ শেষের আগেই ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। ফলে সেই পদে বসার জন্য এখন থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছেন তিনি। সূত্রের খবর, আওয়ামী লিগের নেতা হওয়ার কারণে সাহাবুদ্দিনের ওপর আগে থেকেই চাপ দিচ্ছিলেন ইউনুস। এমনকী অন্তবর্তী সরকারের থেকে তাঁকে অপমানিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাহাবুদ্দিন।

সেই কারণে নির্বাচনের পরেই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করার চিন্তাভাবনা ছিল সাহাবুদ্দিনের। কিন্তু কোনও এক অদৃশ্য যাদুবলে পদত্যাগের সিদ্ধান্ত নির্বাচনের আগেই নিতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সাহাবুদ্দিন। যদিও সেই সিদ্ধান্ত এখনও চুড়ান্ত নয়। এই অবস্থায় নির্বাচনের আগে সাহাবুদ্দিনের সরে গেলে ইউনুসের রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে।