দ্বিগুণ ব্যবধানে জয়ের দাবি বঙ্কিম হাজরার

মৌসুনিতে রবিবাসরীয় প্রচার ঝড় তুললেন তৃণমূল প্রার্থী বঙ্কিম হাজরার।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ বাড়ছে দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভা কেন্দ্রে। রবিবার ছুটির দিনে সাগরের বিচ্ছিন্ন দ্বীপ মৌশুনিতে জোরকদমে নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন কয়েকশো দলীয় কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে মৌশুনির বালিয়াড়া এলাকায় এক বিশাল মিছিল করেন তিনি। পাশাপাশি বালিয়াড়া এলাকায় দ্বারে দ্বারে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী। রাজ্যের ‘মা-মাটি-মানুষ’-এর সরকারের আমলে হওয়া রাস্তাঘাট, পানীয় জল ও বিদ্যুতের মতো বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুফলকে হাতিয়ার করেই এদিন মানুষের আশীর্বাদ চান তিনি। স্থানীয় মহিলারা এবং দলীয় কর্মীরা তাঁকে পুষ্পস্তবক ও মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। ​

মিছিল চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বঙ্কিমচন্দ্র হাজরা নিজের জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেন। তিনি বলেন: ​”আজকের মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানই বলে দিচ্ছে আগামী দিনে ফলাফল কী হতে চলেছে। সাধারণ মানুষের ওপর আমার পূর্ণ আস্থা আছে। ২০২১ সালের নির্বাচনের চেয়েও এবার আমাদের জয়ের ব্যবধান দ্বিগুণ হবে। ​মিছিল শেষে বালিয়াড়া বাজারে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে একটি সংক্ষিপ্ত কর্মী বৈঠক করেন প্রার্থী। সেখানে ভোটের দিন পর্যন্ত বুথস্তরে সংগঠনকে আরও মজবুত রাখা এবং প্রতিটি ভোটারের কাছে সরকারি উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার কড়া নির্দেশ দেন তিনি। রবিবারের এই প্রচারকে কেন্দ্র করে গোটা দ্বীপজুড়ে তৃণমূল শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।