সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সুপার লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নিজেদের আশা জিইয়ে রাখল বাংলা। গ্রুপ পর্বের ষষ্ঠ ম্যাচে উত্তরপ্রদেশকে ৯৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল লক্ষ্মীরতন শুক্লার দল। বাংলার এই জয়ের পিছনে বড় অবদান দুই ব্যাটার অভিষেক পোড়েল ও করণ লালের। তাঁদের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদেই প্রতিপক্ষের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেল বাংলা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
উত্তরপ্রদেশের বোলিং বিভাগ যে যথেষ্ট শক্তিশালী, তা নিয়ে কোনও সংশয় ছিল না। ভুবনেশ্বর কুমার, শিবম মাভি, যশ দয়াল ও কুলদীপ যাদবের মতো বোলারদের সামলে বড় রান তোলা ছিল বাংলার কাছে বড় চ্যালেঞ্জ। তার উপর বৃষ্টির জন্য ২০ ওভারের পরিবর্তে ম্যাচটি গড়ায় ১৫ ওভারে। ফলে অল্প সময়ের মধ্যে দ্রুত রান তোলার চাপও ছিল। তবে সেই কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে দায়িত্ব নেন অভিষেক পোড়েল। তাঁর দাপুটে ব্যাটিংয়েই অনেকটা সহজ হয়ে যায় বাংলার লড়াই।
শুরুতেই ধাক্কা খায় বাংলা। ওপেন করতে নেমে মাত্র ১ রানেই প্যাভিলিয়নে ফেরেন সুদীপ ঘরামি। তবে এক প্রান্ত আগলে রেখে পাল্টা আক্রমণ শুরু করেন অভিষেক পোড়েল। বিশেষ করে ভুবনেশ্বর কুমারকে নিশানা করে তাঁর ব্যাট থেকে আসে একের পর এক ঝকঝকে শট। মাত্র ৩৯ বলে ৬৯ রানের দুরন্ত ইনিংস খেলেন অভিষেক। তাঁর ইনিংস সাজানো ছিল সাতটি চার ও তিনটি ছক্কায়।
অভিমন্যু ঈশ্বরণ ১৯ রান করে ফিরে গেলেও অভিষেকের সঙ্গে জুটি বেঁধে বাংলার ইনিংস সামলান করণ লাল। অভিষেকের বিদায়ের পর দলের রান তোলার দায়িত্ব কার্যত নিজের কাঁধে তুলে নেন তিনি। শেষের ওভারগুলিতে আরও ভয়ংকর হয়ে ওঠে তাঁর ব্যাট। মাত্র ২৯ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন করণ। তাঁর ব্যাট থেকে আসে পাঁচটি চার ও আটটি ছক্কা। অন্য প্রান্তে ১৮ রান করে অপরাজিত থাকেন ঋষভ চৌধুরী। দুই ব্যাটারের দাপটে নির্ধারিত ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০১ রানের বিশাল সংগ্রহ খাড়া করে বাংলা।
উত্তরপ্রদেশের বোলিং বিভাগে সবচেয়ে বেশি হতাশ করেছেন ভুবনেশ্বর কুমার। সম্প্রতি ভারতীয় দলের হয়ে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলার অভিজ্ঞতা থাকলেও এই ম্যাচে একেবারেই ছন্দে পাওয়া যায়নি তাঁকে। ৩ ওভার হাত ঘুরিয়ে ৫৫ রান খরচ করলেও কোনও উইকেট পাননি ভুবি। কুলদীপ যাদবের পারফরম্যান্সও খুব একটা স্বস্তিদায়ক ছিল না। ৩ ওভারে ৪১ রান দিয়ে তিনি একটি উইকেট নেন। দুই অভিজ্ঞ বোলারের এমন খরুচে বোলিংয়ের খেসারত দিতে হয় উত্তরপ্রদেশকে। ফলে বাংলার বড় রান তোলার পথ অনেকটাই প্রশস্ত হয়ে যায়।