বড় বদল এইচ-১বি ভিসার নিয়মে, ট্রাম্পের পছন্দ এক জটিল উপায়

ফের বদলাল এইচ-১বি ভিসার নিয়ম। লটারির বদলে ট্রাম্পের পছন্দ এক জটিল উপায়। যার জেরে এই ভিসার জন্য যারা এপ্লাই করেছিলেন বা করতেন তারা আরও একবার বড় আশঙ্কার মুখোমুখি।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নিজস্ব প্রতিনিধিঃ : দিন কয়েক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার দাম বাড়িয়ে দিয়েছেন বহুগুণ যার জেরে শুরু হওয়া বিতর্ক অব্যাহত থাকার মাঝে এবার ভিসা নীতিতেই বদল আনল মার্কিন প্রশাসন। দক্ষ বিদেশি কর্মীদের নিজের দেশে ধরে রাখতে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দফতর ঘোষণা করেছে, এখন থেকে প্রচলিত লটারি পদ্ধতি নয়, অন্য পন্থায় দক্ষ কর্মীদের ভিসা দেওয়া হবে।

আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির তরফে প্রস্তাবনা দেওয়া হয়েছে যে এইচ-১বি ভিসায় যে লটারি সিস্টেম রয়েছে, তা তুলে দেওয়া হোক। এর বদলে নতুন বাছাই প্রক্রিয়া চালু করা হবে, যেখানে তুলনামূলকভাবে বেশি দক্ষতা ও বেশি বেতন পাওয়া বিদেশিদের এই ভিসা পাওয়ার সুযোগ বেশি দেওয়া হবে। তবে একই সঙ্গে, সব বেতন স্তরের জন্যই সংস্থা যেন এইচ-১বি কর্মী নিয়োগ করতে পারেন, সেই সুযোগও বজায় রাখা হবে। আপাতত ভিসা সংক্রান্ত নিয়মকানুন সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। উপরমহলের সবুজসঙ্কেত মিললেই চালু হয়ে যাবে নয়া নিয়ম।

নয়া প্রস্তাব অনুযায়ী, এবার থেকে এই ভিসা দেওয়া জন্যে বাছাইয়ের ভিত্তি হবে কর্মীদের নির্ধারিত বেতনস্তর। চারটি বেতনস্তরের মধ্যে সর্বোচ্চ স্তরে থাকা কর্মীরা, অর্থাৎ যাঁদের বার্ষিক বেতন ১৬২,৫২৮ মার্কিন ডলার, তাঁরা চার বার নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন। সর্বনিম্ন স্তরে থাকা কর্মীরা সেই সুযোগ পাবেন কেবলমাত্র এক বার। অর্থাৎ, উচ্চ বেতনের অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের নির্বাচনের সম্ভাবনাও উল্লেখযোগ্য ভাবে বেড়ে যাবে। অন্য দিকে, সদ্য স্নাতক হওয়া কিংবা নবাগত কর্মীরা সুযোগ পাবেন কম। এই নিয়ম লাগু হলে নিয়োগকারী সংস্থাগুলির সুবিধা হবে।

এই ভিসার মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সাময়িক ভাবে আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করতে পারেন। উচ্চ ক্ষমতাসম্পন্ন, এবং সুদক্ষ কর্মীদেরই এই সুযোগ দেওয়া হয়। ১৯৯০ সালে আমেরিকা এই ধরনের ভিসা চালু হয়েছিল। এই ভিসার অধীনে বিদেশ থেকে যাঁরা আমেরিকায় কাজ করতে যান, মার্কিন কর্মীদের সমান বেতনই তাঁরা পেয়ে থাকেন। এলন মাস্ক, গুগলের সুন্দর পিচাই বা মাইক্রোসফটের সত্য নাদেলা সকলেরই এই ভিসা রয়েছে। এদের ওপরেও কি কোপ আসবে কোন ভাবে ইতিমধ্যেই সেই প্রশ্ন উঠে গিয়েছে।