এসএসসি মামলায় বড় স্বস্তি পেল রাজ্য সরকার। নয়া নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ জানিয়ে যে মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল, তা গ্রহণই করল না দেশের সর্বোচ্চ আদালত। ২০২৫ সালের নয়া নিয়ম মেনেই হবে শিক্ষক নিয়োগ, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, নিজস্ব প্রতিনিধিঃ- এসএসসি মামলায় নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। এর ফলে এসএসসির ২০২৫ সালের নতুন নিয়মাবলি মেনেই শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে — এমনটাই স্পষ্ট হয়ে গেল সোমবার।
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই পরিস্থিতিতে তাঁরা নিয়োগ প্রক্রিয়ায় কোনও হস্তক্ষেপ করতে রাজি নন। আদালতের পর্যবেক্ষণ, ‘‘যাঁরা অযোগ্য হিসেবে চিহ্নিত, তাঁরা এমনিতেই পরীক্ষায় বসতে পারছেন না। আর যাঁরা পূর্বে চাকরি হারিয়েছেন, কিন্তু যোগ্য, তাঁরা যদি অতিরিক্ত সুযোগ পান, তাতে আপত্তির কী আছে? তাঁদের তো শিক্ষাদানের অভিজ্ঞতা রয়েছে।’’
বিচারপতিরা আরও বলেন, ‘‘আমরা কখনও বলিনি নিয়মাবলি স্থায়ী (রুলস ফ্রোজেন)। নতুন নিয়ম আনার অধিকার এসএসসির রয়েছে। আমরা এটাও বলিনি, নিয়োগ পুরনো বিধি মেনেই করতে হবে।’’
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি নিয়োগে গোটা প্যানেল বাতিল হয়ে যায়। সেই সিদ্ধান্তের জেরে ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। সেইসঙ্গে ২০২৫ সালের জন্য একটি নতুন নিয়োগবিধিও প্রকাশিত হয়। সেই বিধি অনুযায়ী, পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের অতিরিক্ত ১০ নম্বর ও বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা বলা হয়।
এই নতুন বিধির বিরোধিতা করে একাংশ চাকরিপ্রার্থী কলকাতা হাই কোর্টে মামলা করেন। তাঁদের বক্তব্য ছিল— এই নিয়ম বৈষম্যমূলক। প্রশ্ন তোলা হয়, ‘‘কেন অতিরিক্ত নম্বর? কেন বয়সে ছাড়? কেন ‘অযোগ্য’দের ফের পরীক্ষায় বসতে দেওয়া হবে?’’ হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ২০২৫ সালের নতুন নিয়মাবলিই বহাল থাকবে। তবে, চিহ্নিত ‘অযোগ্য’ প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না— এই সিদ্ধান্তে স্থায়ী সিলমোহর দেয় হাই কোর্ট।
সেই রায়ের বিরুদ্ধেই চাকরিপ্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টে যান। কিন্তু এ দিন তাঁদের আবেদন শুনেই সরাসরি নাকচ করে দেয় সর্বোচ্চ আদালত। ফলে আপাতত পথ মুক্ত, এসএসসি ২০২৫ সালের নিয়োগ পরীক্ষায় এগোতেই পারবে তাদের নির্ধারিত নিয়ম মেনেই।