গ্রামীণ ও শহরতলির সংযোগকারী রাস্তাগুলোর বেহাল দশা নিয়ে শাসকদলকে বিঁধছেন রূপা গাঙ্গুলী।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : সোনারপুর দক্ষিণ বিধানসভায় নিজের নির্বাচনী কেন্দ্রে রবিবাসরীয় প্রচারে একাধিক ইস্যু তুলে ধরলেন বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলী। সাংবাদিক বৈঠক করে এলাকার একাধিক সমস্যার কথা তুলে ধরেন তিনি।
রূপা গাঙ্গুলীর নিশানায় জনদুর্ভোগ:- সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির নির্বাচনী প্রচারের মূল অস্ত্র হয়ে দাঁড়িয়েছে এলাকার অনুন্নত পরিকাঠামো। বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মূলত তিনটি প্রধান সমস্যার কথা তুলে ধরছেন:
বেহাল রাস্তাঘাট – গ্রামীণ ও শহরতলির সংযোগকারী রাস্তাগুলোর বেহাল দশা নিয়ে রূপা গাঙ্গুলী শাসকদলকে বিঁধছেন। তাঁর অভিযোগ, দীর্ঘ সময় পার হলেও অনেক জায়গায় রাস্তার সংস্কার হয়নি, যা সাধারণ মানুষের নিত্যদিনের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি করছে।
পানীয় জলের সংকট – অনেক এলাকাতেই আজও পরিশ্রুত পানীয় জলের অভাব রয়েছে। রূপা গাঙ্গুলীর দাবি, কল থাকলেও জল পড়ে না অথবা পরিশ্রুত জল পেতে মানুষকে দীর্ঘ অপেক্ষা করতে হয়। এটি এই কেন্দ্রের অন্যতম বড় নির্বাচনী ইস্যু।
জলমগ্নতা ও নিকাশি সমস্যা– বর্ষার সময় সোনারপুর ও সংলগ্ন এলাকার অবস্থা সবচেয়ে শোচনীয় হয়ে পড়ে। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট হাঁটু সমান জলে তলিয়ে যায়। রূপা গাঙ্গুলী সরাসরি অভিযোগ তুলছেন যে, সঠিক নিকাশি পরিকল্পনার অভাবেই মানুষকে বছরের পর বছর এই “নরক যন্ত্রণার” মধ্যে কাটাতে হচ্ছে।