সাংবাদিক বৈঠক থেকেই তৃণমূল ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র আক্রমণ রূপা গঙ্গোপাধ্যায়ের।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : সোনারপুরে নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করতে বিজেপির নতুন নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ল এলাকায়। সোমবার সোনারপুর দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় ফিতে কেটে এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, আসন্ন নির্বাচনের সমস্ত প্রচার, সাংগঠনিক বৈঠক এবং নির্বাচনী কৌশল এবার এই কার্যালয় থেকেই পরিচালিত হবে।
উদ্বোধনের পর সাংবাদিক বৈঠকে বিজেপি প্রার্থী রাজ্যের শাসক দল ও সরকারের বিরুদ্ধে একের পর এক তীব্র অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, সারা রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের উপর বিনা কারণে হামলা, মারধর এবং রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনা ঘটছে। এই পরিস্থিতির মোকাবিলায় দল বিশেষ প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। তাঁর কথায়, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজেপির পক্ষ থেকেও বিশেষ বাহিনী রাখা হয়েছে এবং যেকোনো রাজনৈতিক হিংসার ঘটনার কড়া জবাব দেওয়া হবে।
পাশাপাশি বিগত নির্বাচনগুলিতে ছাপ্পা ভোট, রিগিং এবং ভোট গণনা নিয়ে ওঠা বিতর্কের প্রসঙ্গও তোলেন রূপা গঙ্গোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, অতীতে বিজেপির জয়ী প্রার্থীদের সার্টিফিকেট পর্যন্ত কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছিল। তবে এবার সেই পরিস্থিতি আর হবে না বলেই দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের (SIR) ফলে বহু ভুয়ো ভোটারের নাম বাদ পড়েছে, যার ফলে ছাপ্পা মারার সুযোগ কমবে।
প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হয়ে বিজেপি প্রার্থী বলেন, কোন থানার ওসি বা জেলার পুলিশ সুপার কী ভূমিকা নিয়েছেন, সে বিষয়ে দলের কাছে তথ্য রয়েছে। তিনি দাবি করেন, প্রশাসনের মধ্যে যাঁরা পক্ষপাতদুষ্ট ছিলেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। তাঁর কথায়, “একটা ভুল করলেই পরের দিন নির্বাসন, এতদিন যারা সরকারের হাতের পুতুল ছিল, তাদের অবস্থান এখন বদলে গেছে।”
নতুন নির্বাচনী কার্যালয় ঘিরে বিজেপির সংগঠন যে নির্বাচনের আগে আরও সক্রিয় হতে চলেছে, তা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।