ভোটের আগে সোনারপুরে কেন্দ্রীয় বাহিনীর টহল, জনসংযোগ ও বুথ পরিদর্শন।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে নির্বাচনের আগে নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ অনুষ্ঠিত হল প্রসাদপুর ও নভাসান এলাকায়। রবিবার বিকেলে বাহিনীর জওয়ানরা এলাকাজুড়ে কড়া নজরদারির পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের উদ্দেশ্য ছিল ভোটকে কেন্দ্র করে যাতে কোনওরকম অশান্তি বা ভীতি না ছড়ায়, সে বিষয়ে জনসাধারণকে আশ্বস্ত করা।

রুট মার্চ চলাকালীন বাহিনীর সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানান। বহু বাসিন্দা তাঁদের সঙ্গে মত বিনিময় করেন এবং নিরাপত্তা নিয়ে নিজেদের উদ্বেগ ও প্রত্যাশার কথা জানান। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এছাড়াও বাহিনীর জওয়ানরা প্রসাদপুর ও নভাসান এলাকার দুটি বুথ পরিদর্শন করেন। বুথের পরিকাঠামো, প্রবেশ ও বেরনোর রাস্তা, নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি—সবকিছু খতিয়ে দেখা হয়। ভোটের দিন যাতে নির্বিঘ্নে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই এই পরিদর্শন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

প্রশাসনিক সূত্রে আরও জানা গিয়েছে, আগামীকাল থেকে বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সোনারপুর, বারুইপুর ও নরেন্দ্রপুর মিলিয়ে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। পাশাপাশি জয়নগরে এক কোম্পানি, কুলতলিতে এক কোম্পানি, ক্যানিংয়ে এক কোম্পানি এবং বাসন্তীতেও এক কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে।
ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে প্রশাসনের দাবি। এলাকাবাসীর আশা, কেন্দ্রীয় বাহিনীর সক্রিয় উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হবে।