ভারতে পাকিস্তানের কোনও কনটেন্ট দেখানো যাবে না। এই মর্মে নেটফ্লিক্সকে ফের সতর্ক করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ২০২৫ সালের ৮ মে জারি করা নির্দেশিকা মেনে চলার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে জনপ্রিয় এই ওটিটি প্ল্যাটফর্মকে। সম্প্রতি পাকিস্তানি ওয়েব সিরিজ ‘Jo Bachay Hain Sang Samait Lo’ ভারতে মুক্তি পেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে মন্ত্রকের কাছে। তার পরেই নেটফ্লিক্সকে আগের অবস্থান বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে খবর।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
সূত্রের খবর, ২০২৫ সালের জুন মাসে নেটফ্লিক্স কেন্দ্রকে জানিয়েছিল, পাকিস্তানে তৈরি কোনও সিনেমা বা ওয়েব সিরিজ ভারতের দর্শকদের জন্য তারা দেখায়নি। এবার সেই প্রতিশ্রুতি মেনে চলার কথা ফের মনে করিয়ে দিয়েছে কেন্দ্র।সম্প্রতি ‘Jo Bachay Hain Sang Samait Lo’ নামে পাকিস্তানি ওয়েব সিরিজটি ভারতে নেটফ্লিক্সে দেখা যেতে পারে বলে একাধিক অভিযোগ জমা পড়ে। আগামী ৪ ডিসেম্বর ২০২৬-এ সিরিজটি মুক্তি পাওয়ার কথা। তার আগেই ভারতীয় দর্শকদের জন্য এই সিরিজ না দেখানোর দাবি উঠেছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৮ মে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে ভারতের সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম, অনলাইন স্ট্রিমিং পরিষেবা এবং ডিজিটাল মাধ্যমকে পাকিস্তানে তৈরি কনটেন্ট দেখানো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। শুধু সিনেমা বা ওয়েব সিরিজ নয়, গান, পডকাস্ট-সহ সব ধরনের ডিজিটাল বিনোদনের ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর। ওটিটি প্ল্যাটফর্মগুলি পেইড সাবস্ক্রিপশনের মাধ্যমে পরিষেবা দিক বা বিনামূল্যে কনটেন্ট দেখাক, সব ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।
২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের আরও অবনতি হয়। ওই হামলায় প্রাণ হারান বহু মানুষ। এর পরেই জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে এই নির্দেশিকা জারি করে কেন্দ্র। দেশের একাধিক জঙ্গি হামলার সঙ্গে সীমান্তপারের যোগসূত্রের কথাও উল্লেখ করা হয়েছিল। পাশাপাশি, তথ্যপ্রযুক্তি আইন এবং ২০২১ সালের তথ্যপ্রযুক্তি (মধ্যস্থতাকারী নির্দেশিকা ও ডিজিটাল মিডিয়া নীতিশাস্ত্র) বিধির বিভিন্ন ধারার কথাও তুলে ধরা হয়েছিল।
এদিকে, নেটফ্লিক্স যদি ভারতে ওই ওয়েব সিরিজ দেখানোর সিদ্ধান্ত নেয়, তাহলে ভারতীয় দর্শকদের এই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন বাতিল করার আবেদন জানিয়েছে একাধিক সংগঠন। পাশাপাশি, পাকিস্তানি সিনেমা, টেলিভিশন শো, শিল্পী এবং অন্যান্য বিনোদনমূলক কনটেন্ট যাতে ভারতের কোনও প্ল্যাটফর্মে দেখানো না যায়, তার জন্য স্থায়ী আইন আনারও দাবি উঠেছে।