গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার হুগলির ডানকুনিতে গুরু গোবিন্দ সিং সাহিব গুরুদ্বারে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, গুরু নানক দেবের নামে একটি ভবন তৈরি করার পরিকল্পনা রয়েছে তাঁর। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “গুরু নানক দেবের নামে একটি ভবন তৈরি করব। এটি তৈরি হওয়া প্রয়োজন। এর জন্য সরকারি জমি ব্যবহার করা যায় কি না, তা খতিয়ে দেখব। পাশাপাশি সকলের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
এর আগে গুরু নানক দেবের প্রকাশ পরব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, গুরু নানকের চিরন্তন শিক্ষা আজও মানুষকে সঠিক পথ দেখায়। তাঁর আদর্শ অনুসরণ করে এমন একটি সমাজ গড়ে তোলা উচিত, যেখানে দয়া, ঐক্য এবং সকলের কল্যাণকে গুরুত্ব দেওয়া হবে।
সমাজমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, “শ্রী গুরু নানক দেবজির প্রকাশ পরব উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা। তাঁর চিরন্তন শিক্ষা আজও মানবজাতিকে পথ দেখায়। তাঁর বাণী আমাদের এমন একটি সমাজ গড়তে অনুপ্রাণিত করুক, যেখানে দয়া, ঐক্য এবং সকলের কল্যাণের ভাবনা থাকবে।”গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি গুরু নানকের শিক্ষা, বিশেষ করে দয়া, ভ্রাতৃত্ব, নারীদের সম্মান এবং সামাজিক সম্প্রীতির আদর্শের কথা তুলে ধরেন।
‘এক্স’-এ অমিত শাহ লেখেন, “শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবজির জন্মজয়ন্তীতে সকলকে আন্তরিক শুভেচ্ছা। দয়া ও সদ্ভাবের বার্তা ছড়িয়ে তিনি মানবজাতিকে নতুন পথ দেখিয়েছিলেন। ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং নৈতিক জীবনযাপনের শিক্ষা দেওয়ার পাশাপাশি জাতপাত ও বৈষম্যহীন সমাজ গড়ার কথাও বলেছিলেন তিনি। ভ্রাতৃত্ব এবং নারীদের সম্মানের উপর জোর দিয়েছিলেন গুরু নানক। লঙ্গর এবং ধর্মশালা প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সেবা ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ তৈরি করেন। সত্য, নিঃস্বার্থ সেবা এবং সকলের কল্যাণের পথে চলতে তাঁর শিক্ষা আগামী দিনেও মানুষকে অনুপ্রাণিত করবে।”
গুরু নানকের জন্মজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। তিনি গুরু নানকের ভালোবাসা, সমতা, সেবা এবং সম্প্রীতির শিক্ষার কথা স্মরণ করেন। রাজনাথ সিং জানান, জাতপাত, সামাজিক ভেদাভেদ এবং বৈষম্যহীন এমন একটি সমাজের স্বপ্ন দেখেছিলেন গুরু নানক, যেখানে প্রত্যেক মানুষ সমান সম্মান ও মর্যাদা পাবেন। গুরু নানকের ‘ইক ওঙ্কার’ বাণীর কথাও তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর মতে, ঈশ্বরকে স্মরণ করা, সৎ পথে উপার্জন করা এবং নিজের উপার্জনের কিছু অংশ অভাবী মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার শিক্ষা দিয়েছিলেন গুরু নানক। তাঁর আদর্শ আজও মানুষকে সেবা, দয়া, দান এবং ভ্রাতৃত্বের পথে চলতে অনুপ্রাণিত করে।
উল্লেখ্য, গুরু নানক জয়ন্তী ‘গুরপুরব’ নামেও পরিচিত। এটি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রথম গুরু গুরু নানক দেবের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপন করা হয়। এই দিন গুরুদ্বারগুলিতে বিশেষ প্রার্থনা, ভজন ও কীর্তনের আয়োজন করা হয়। পাশাপাশি লঙ্গর বা বিনামূল্যে খাবার পরিবেশনের মাধ্যমে মানুষের সেবাও করা হয়। রাত পর্যন্ত বিভিন্ন গুরুদ্বারে চলে উৎসব ও ধর্মীয় অনুষ্ঠান।