‘তোর কাকা চোর’ শুনে চড় প্রিয়াঙ্কা গান্ধীর!

ইন্দিরা গান্ধীর পরাজয়ের পর স্কুলে প্রথম দিন। রাজনৈতিক পালাবদলের সেই আবহেই কটাক্ষের মুখে পড়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। ‘তোর কাকা জেলে, তোর কাকা চোর’— স্কুলে এক সহপাঠী এমন কথা বলায় তাকে চড় মেরেছিলেন প্রিয়াঙ্কা। সম্প্রতি মা সনিয়া গান্ধী এবং ভাই রাহুল গান্ধীর সঙ্গে কথোপকথনে সেই পুরনো দিনের স্মৃতি ভাগ করে নিলেন কংগ্রেস নেত্রী। মঙ্গলবার সমাজমাধ্যমে সেই ভিডিয়ো প্রকাশ করেন তাঁরা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

১৯৭৫ থেকে ১৯৭৭— দেশে জরুরি অবস্থার পর্ব। ১৯৭৭ সালের নির্বাচনে পরাজিত হন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তাঁর পরাজয়ের পরে গান্ধী পরিবারের জীবনে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই স্মৃতিই ভিডিয়োয় তুলে ধরেছেন প্রিয়াঙ্কা। তিনি জানান, নির্বাচনের পর তাঁরা অন্য একটি বাড়িতে চলে গিয়েছিলেন। চারপাশে তখন যথেষ্ট উত্তেজনা ও চাপ ছিল।

প্রিয়ঙ্কার কথায়, ‘‘স্কুলে যাওয়ার প্রথম দিন একটি ছোট্ট ছেলে এসে বলেছিল, ‘তোর কাকা জেলে আছে, তোর কাকা চোর।’’’ সেই কটাক্ষ শুনে আর চুপ থাকতে পারেননি তিনি। ছেলেটিকে চড় মেরে বসেন প্রিয়াঙ্কা। তার পরেই কেঁদে শিক্ষকের কাছে নালিশ করে সে। ফল? শিক্ষকের কাছেই বকুনি খেতে হয়েছিল প্রিয়াঙ্কাকে।

সেই সময়ের স্কুলজীবনের সঙ্গে বর্তমানেরও তুলনা টেনেছেন রাহুল। তাঁর কথায়, প্রিয়াঙ্কা ছোটবেলায় ছিলেন নিয়ম মেনে চলা, শান্ত স্বভাবের। আর তিনি ছিলেন অনেক বেশি ‘বিদ্রোহী’, প্রশ্ন করতেন, নিয়ম ভাঙতেন।

প্রিয়াঙ্কাও মজা করে ভাইকে বলেন, ‘‘আজও সংসদে আমাদের মধ্যে সেই পার্থক্যটাই আছে। আমি বলি ‘গুড মর্নিং’, ‘নমস্কার’, আর তুমি নিজের জগতেই থাকো।’’

ভিডিয়োয় রাহুলও জানান, ইন্দিরার পরাজয়ের পরে স্কুলে গিয়ে তাঁর পাশে বসার মতো বন্ধুও ছিল না। এমনকি সপ্তম জন্মদিনে এক জন ছাড়া আর কোনও বন্ধু আসেনি।

সনিয়ার আত্মজীবনী Belonging: A Journey of Love প্রকাশের পরই প্রকাশ্যে এল এই পারিবারিক স্মৃতিচারণ। বইয়ে জরুরি অবস্থার সময় সঞ্জয় গান্ধীর ভূমিকা নিয়েও বিস্তারিত লিখেছেন সনিয়া। তাঁর কথায়, সাংবিধানিক কোনও পদে না থেকেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সঞ্জয়ের গুরুত্বপূর্ণ প্রভাব ছিল।