২৬-এর ভোটে ‘মিঠুন যোদ্ধা’

মুখ্যমন্ত্রী এসআইআরের প্রতিবাদে বিদেশীদের জন্য রাস্তায় মিছিল করছেন : মিঠুন

বিশ্বজিৎ মণ্ডল, নিজস্ব সংবাদদাতা: প্রতিটি বিধানসভায় বিজেপির ১৫০ জন করে কর্মীদের নিয়ে মিঠুন যোদ্ধা নাম দিয়ে গ্রুপ তৈরি করতে বললেন মিঠুন চক্রবর্তী। মালদহে বিজয়া সম্মেলনে গিয়ে দলীয় কর্মীদের এই নির্দেশ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। পাশাপাশি সবাইকে নিজের দুটি মোবাইল নম্বর দিয়ে মিঠুন বলেন, “যখন ফোন করবেন তখনই পাবেন। দুটি নম্বরের মধ্যে একটিতে মিলবে আইনি সহায়তা। অপরটি সংগঠনের খবরাখবর দেওয়ার জন্য ব্যবহার করতে হবে। আপনারা যেকোনও সময়ে আমাকে ফোন করতে পারেন।“ মিঠুন বলেন, “ভোটের আগে আমি এই রাজ্যের প্রতিটি জেলায় যাবো। আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। ভয় পেলে, ভয় দেখাবে। তাই পাল্টা ভয় দেখান। দেখবেন আর ওদের ধারে কাছে পাবেন না।“

মালদহের একটি হোটেলে মালদহ উত্তর ও মালদহ দক্ষিণের কর্মীদের নিয়ে বিজয়া সম্মেলন করেন মিঠুন চক্রবর্তী। এদিনের বিজয়া সম্মেলনী থেকে মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসকে তীব্র নিশানা করেন তিনি। মিঠুন বলেন, “মঙ্গলবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআরের প্রতিবাদে বিদেশীদের জন্য রাস্তায় মিছিল করছেন। এটাই নজিরবিহীন ঘটনা।“ এসআইআর নিয়ে বিরোধীদের একের পর এক অভিযোগ নিয়ে মিঠুনের পাল্টা প্রশ্ন, “ কেন করছেন বিরোধিতা ?  এতে বোঝা যাচ্ছে ওরা অভারতীয়দের সমর্থন করতে চাইছেন। বিএলওদের কেন থ্রেট করছেন?  ওরা তো কোনও ভারতীয় মুসলিম বা ভারতীয় হিন্দুদের ভোট কেড়ে নেওয়ার জন্য যাচ্ছেন না ?  বিএলওরা শুধু এটা খতিয়ে দেখবেন, কে ভারতীয় কে ভারতীয় নন। আমরা অভারতীয়দের পক্ষে। ওরা অভারতীয়দের পক্ষে।“

বিএলওরা তো তৃণমূল থেকেই হচ্ছেন। এই ইস্যুতে মিঠুন বলেন, অফিশিয়ালি তাই হয়। দেখা যাক না কী হয়। এটা তো আমার কাজ নয়, এটা নির্বাচন কমিশনের কাজ। দেখা যাক কমিশন কী করে।

সবমিলিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ময়দানে ঝাঁপাচ্ছে শাসক-বিরোধী সবদল। একদিকে ‘ডিজিটাল যোদ্ধা’ ওয়েবসাইট প্রকাশ করে সংগঠন মজবুত করতে শুরু করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার বিজেপি যুবমোর্চার কর্মীদের শুরু করা হল ‘নমো যুব যোদ্ধা’। এই ‘ডিজিটাল কর্মসূচির’ মাধ্যমে রাজ্যজুড়ে সাড়া ফেলা যাবে বলে আশাবাদী বিজেপি যুব মোর্চা। এরইমধ্যে আবার ‘মিঠুন যোদ্ধা’ গ্রুপও সামনে আনলেন মিঠুন চক্রবর্তী। কর্মী সমর্থকদের এক ছাতার তলায় আনতেই এই পদক্ষেপ।