বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ডিভিসির বিরুদ্ধে

ঋক পুরকায়স্থ, সাংবাদিক: পুজোর মধ্যেই শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি। নিম্নচাপের ভ্রুকুটি এখনও রয়েছে। তবে এই পরিস্থিতির মধ্যেই নতুন করে বন্যা আশঙ্কা তৈরি হয়েছে রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যার আশঙ্কা করেছেন। ডিভিসির বিরুদ্ধেও চরম ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। আগেও যতবার রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তিনি ডিভিসিকেই নিশানা করেছিলেন। এবারও তার ব্যাতিক্রম হল না।

প্রত্যেকবারের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগাম সতর্কতা ছাড়াই ডিভিসি এক ধাক্কায় প্রায় ৬৫ হাজার কিউসেক জল ছেড়ে দিয়েছে। এক্স হ্যান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একদিকে বিজয়া দশমীর আনন্দে মেতেছেন  রাজ্যবাসী। সেই আনন্দ, উল্লাসের মধ্যেই ডিভিসি ইচ্ছা করে বিপুল পরিমাণ জল ছেড়ে দিয়েছে।

এই উৎসবের মরসুমের মধ্যে বাংলার লক্ষ লক্ষ মানুষের জীবন-জীবিকাকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। মুখ্যমন্ত্রী আরও লিখেছেন,  এটা কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়। এটি ডিভিসির তৈরি করা দুর্যোগ। এইভাবে বাংলার সাধারণ মানুষকে বিপদের মধ্যে ফেলা যাবে না। আমি এটা কোনওভাবেই বরদাস্ত করবো না। কেউ এইভাবে বাংলাকে বিসর্জন দিতে পারবে না। এই নোংরা ষড়যন্ত্র আমরা শক্ত হাতে প্রতিহত করবো।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উপকূলবর্তী সমস্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিপদ এড়ানোর জন্য নিচু জায়গা ও উপকূলবর্তী জায়গাগুলি থেকে মানুষজনকে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এই প্রথম নয় এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি। তখন তিনি একথাও বলেছিলেন যে যদি ডিভিসি এভাবে জল ছাড়তে থাকে, ডিভিসির সামনে বাঁধ তৈরি করে জল আটকে দেবে রাজ্য। এখানেই শেষ নয়, ডিভিসির বিরুদ্ধে ম্যানমেড বন্যার অভিযোগও তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।