যুবসাথী প্রকল্পে ফর্ম জমা দিতে উপচে পড়া ভিড়

সাগর সহ দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন ব্লকে শিবিরের শুভ সূচনা।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্প ‘যুব সাথী’। ২১ থেকে ৪০ বছর বয়সী কর্মহীনদের মাসে দেড় হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এই প্রকল্পে। এই প্রকল্পে আবেদন গ্রহণ প্রক্রিয়া এবার জোরকদমে শুরু হল দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ব্লকে। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ ক্যাম্পের শুভ সূচনা করা হয়। এদিকে যেমন উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। এদিন সকাল থেকেই রুদ্রনগরের ক্যাম্পে ধসপাড়া, সমতিনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত, গঙ্গাসাগর, ধবলাট এবং রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে কয়েক হাজার যুবক-যুবতী ভিড় জমান। অন্যদিকে বারইপুর পশ্চিম বিধানসভা বারইপুর পূর্ব বিধানসভা সহায়ক দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন বিধানসভার প্রতিটা ব্লকে এই যুব সাথী ফর্ম বিলি শুরু হয়। নিজেদের নথিপত্র ও আবেদনপত্র জমা দিতে তাঁদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পের আওতায় আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে আগামী ৫ বছর পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এই অর্থ তাঁদের দক্ষতা বৃদ্ধি বা ছোটখাটো ব্যবসার ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, মুখ্যমন্ত্রী সবসময় বাংলার যুবশক্তির পাশে আছেন। সাগরের সাধারণ মানুষের সুবিধার্থেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যাতে প্রকৃত সুবিধাভোগীরা সহজেই নাম নথিভুক্ত করতে পারেন। সম্পূর্ণ স্বচ্ছতার সাথে আবেদন যাচাইয়ের কাজ করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন।