ফের মা হলেন দীপিকা

দ্বিতীয়বার মাতৃত্ব ঘিরে নতুন উদ্যোগের ভাবনা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ফের মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন দীপিকা পাড়ুকোন। ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। স্বামী রণবীর সিংহের সঙ্গে প্রায় দু’বছর আগে প্রথম কন্যা দুয়ার জন্ম হয়েছিল। দ্বিতীয় সন্তানের আগমনের খবরও খুব সাদামাটা ভাবেই সমাজমাধ্যমে জানিয়েছিলেন তারকা দম্পতি। পোস্টে লেখা ছিল, ‘‘ওয়েলকাম বেবি গার্ল! ১৯|৯|২০২৬ দোয়া। দীপিকা অ্যান্ড রণবীর।’’

তবে শুধু ব্যক্তিগত জীবনেই নয়, মাতৃত্বের এই নতুন অধ্যায় দীপিকার পেশাগত জীবনেও নতুন মোড় আনতে চলেছে বলে খবর। সূত্রের দাবি, অভিনেত্রী নাকি নীরবে এমন একটি নতুন উদ্যোগ নিয়ে কাজ করছেন, যার মূল বিষয় মাতৃত্বের শুরুর সময়টা। এখনও প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ্যে আসেনি। তবে দীপিকার নিজের দুই সন্তানের মা হওয়ার অভিজ্ঞতার সঙ্গে উদ্যোগটির যোগ রয়েছে বলেই জানা যাচ্ছে।

এই কাজে তাঁর সঙ্গে রয়েছেন ম্যানেজমেন্ট পেশাদার সাভিকা পাতনি। আমেরিকা ও ভারতে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। স্বাস্থ্য পরিষেবা এবং কনজ়িউমার ব্যবসার পাশাপাশি সাম্প্রতিক সময়ে মহিলাদের স্বাস্থ্য এবং মা ও শিশুর স্বাস্থ্য নিয়েও কাজ করেছেন তিনি।

মাতৃত্ব এবং কেরিয়ারের ভারসাম্য নিয়ে আগেও একাধিক বার কথা বলেছেন দীপিকা। দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা থাকাকালীনও কাজ চালিয়ে গিয়েছেন তিনি। সেপ্টেম্বরে দ্বিতীয় সন্তানের জন্মের কিছু দিন আগে রণবীর এবং দোয়ার সঙ্গে মাতৃত্বকালীন ফোটোশ্যুটেও দেখা গিয়েছিল তাঁকে।

মানসিক স্বাস্থ্য নিয়েও দীর্ঘদিন ধরে কাজ করছেন দীপিকা। ২০১৫ সালে নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনার পর ‘দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন’ তৈরি করেন তিনি। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক কুসংস্কার কমানো এবং প্রয়োজনীয় সহায়তার সুযোগ বাড়ানোই এই সংস্থার লক্ষ্য।

মাতৃত্বের নতুন পর্ব শুরু হলেও কাজ থামছে না দীপিকার। শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে দেখা যাবে তাঁকে। এ ছাড়াও আল্লু অর্জুন অভিনীত আতলির ‘রাকা’-তেও রয়েছেন তিনি। ছবিটিতে মোশন-ক্যাপচার প্রযুক্তির ব্যবহারে ইতিমধ্যেই নজর কেড়েছে নির্মাতারা। ৩৭ জন অভিনেতাকে একসঙ্গে ৯২টি ক্যামেরায় রিয়েল টাইমে ক্যাপচার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও তৈরি হয়েছে বলে খবর।