সলমনের ‘মাতৃভূমি’ নিয়ে বিস্ফোরক ধ্রুব রাঠি!

সলমন খানের দেশাত্মবোধক ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ঘিরে বিতর্কে নতুন মাত্রা। চিনের আপত্তি এবং প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশে ছবির চিত্রনাট্যে বদল আনার অভিযোগ ঘিরে এ বার সরাসরি কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন ইউটিউবার ধ্রুব রাঠি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ধ্রুব রাঠির দাবি, চিনের বিরুদ্ধে সরব হওয়ার সাহস দেখাতে পারেনি সরকার। যদিও ছবির সংশোধিত সংস্করণ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পেয়েছে বলে বলিউডের বিভিন্ন সূত্রে খবর।

গত ১১ অক্টোবর দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে সলমনের ছবি নিয়ে মন্তব্য করেন রাঠি। সেই বক্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাঠির কথায়, চিনের বিরুদ্ধে কিছু বিষয় তুলে ধরা হয়েছিল সলমনের ছবিতে। কিন্তু সেই ছবি মুক্তির অনুমতি দেওয়ার ক্ষেত্রে সরকার সাহস দেখাতে পারেনি। বরং চিত্রনাট্যে কাটছাঁট করে নতুন করে ছবিটি তৈরি করতে হয়েছে বলে অভিযোগ তাঁর।

রাঠি বলেন, “চিনের বিরুদ্ধে এতটা দুঃসাহস দেখাতে পারি না”—এই মনোভাব থেকেই ছবির বিষয়বস্তু বদলানোর নির্দেশ দেওয়া হয়েছিল বলে তাঁর দাবি। আরও এক ধাপ এগিয়ে চিন, আমেরিকা এবং ইলন মাস্কের প্রসঙ্গ টেনে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। একই সঙ্গে নিজের বক্তব্যের রাজনৈতিক অভিসন্ধি নেই বলেও দাবি করেছেন এই ইউটিউবার। তাঁর কথায়, তিনি একজন সাধারণ মানুষ, যিনি ইউটিউবে নিজের মতামত প্রকাশ করেন।

গালওয়ান সংঘাতের প্রেক্ষাপটে তৈরি এই ছবির নাম প্রথমে ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’। পরে নাম বদলে রাখা হয় ‘মাতৃভূমি’। ভারত-চিন সম্পর্কের কূটনৈতিক সমীকরণ এবং প্রতিরক্ষা মন্ত্রকের আপত্তির জেরেই চিত্রনাট্যে পরিবর্তন আনতে হয়েছিল বলে খবর। সংশোধিত সংস্করণে চিন ও গালওয়ান সংঘাতের সরাসরি উল্লেখ বাদ দিয়ে গান এবং রোম্যান্টিক দৃশ্য যোগ করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

বলিউডের বিভিন্ন সূত্রের দাবি, সংশোধিত সংস্করণ দেখে সন্তুষ্ট হওয়ার পরই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে ছবিটিকে এনওসি দেওয়া হয়েছে। তবে ছবির পরিবর্তন নিয়ে রাঠির অভিযোগ ঘিরে এখনও বিতর্ক অব্যাহত। সলমন-অনুরাগীদের একাংশ তাঁর বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন, আবার কেউ কেউ ছবির বিষয়বস্তু বদলানোর দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।