Bangladesh: হাসিনাকে ফেরানোর দাবিতে বাংলাদেশে বিক্ষোভ

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ, নিরাপত্তার অভাবের কারণে বন্ধ ভিসাকেন্দ্র

দিন যত এগোচ্ছে, ততই বাংলাদেশের (Bangladesh) মাটিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর দাবি নিয়ে ক্ষোভ ছড়াচ্ছে ভারতের বিরুদ্ধে। দফায় দফায় প্রতিবাদ হওয়ার কারণে ঢাকা সহ একাধিক জায়গায় ভারতীয় ভিসা কেন্দ্র সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন সামনে কট্টরপন্থী রাজনৈতিক সংগঠনের মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে ফের খুলনা ও রাজশাহীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিন ঢাকায় দুপুর সাড়ে ১২টা নাগাদ ‘জুলাই ৩৬ মঞ্চ’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভারতীয় সহকারী হাইকমিশনের দিকে এগোতে থাকলে প্রায় ১০০ মিটার দূরে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয়। এরপর আন্দোলনকারীরা সেখানেই অবস্থানে বসেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের প্রধান দাবি হল, ভারতে অবস্থানরত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জুলাই অভ্যুত্থানের সময় পলাতক নেতাদের অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

নিরাপত্তা ঝুঁকির কারণে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত রাজশাহী ও খুলনার ভিসা সেন্টারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও চট্টগ্রাম ও সিলেটের ভিসাকেন্দ্র এখনও খোলা রয়েছে। এর আগে গতকাল বুধবার ঢাকার ভারতীয় হাইকমিশন অভিমুখেও একই ধরনের পদযাত্রা কর্মসূচি পালন করেছিল ‘জুলাই ঐক্য’। যদিও বৃহস্পতিবার কিছুক্ষণের জন্য ঢাকায় ভারতীয় ভিসাকেন্দ্র খুলে রাখা হয়েছিল।