গাজা শান্তি সম্মেলনে বন্ধু মোদী এবং শাহবাজ শরিফের প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প
মাম্পি রায়, সাংবাদিক: “ভারত একটা মহান দেশ। যার নেতৃত্বে রয়েছেন আমার খুব ভালো বন্ধু।“ গাজা শান্তি সম্মেলনের মঞ্চে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এরপরই ট্রাম্প বলেন, “আমার মনে হয়, পাকিস্তান এবং ভারত একসঙ্গে খুব ভালোভাবে থাকবে।“ তবে পাকিস্তানের সেনা প্রধান এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে শরিফও ট্রাম্পের প্রশংসা করেছেন। শরিফ বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প অনেক চেষ্টার পর পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছেন।“

ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত সহ মোট ৭টি যুদ্ধ মিটিয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই তালিকায় ইজরায়েল-গাজার যুদ্ধ জুড়ে মোট ৮টি যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করছেন ট্রাম্প।
মিশরে আয়োজিত গাজা শান্তি সম্মেলনের মঞ্চে চোখে পড়ল পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার ঘনিষ্ঠতা। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মঞ্চে বক্তব্য রাখার সময় পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করতেও দেখা গেল প্রেসিডেন্ট ট্রাম্পকে। মুনিরকে নিজের ‘ফেভারিট’ বললেন মার্কিন প্রেসিডেন্ট। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না পাকিস্তানি সেনাপ্রধান। তা সত্ত্বেও শাহবাজ শরিফকে পোডিয়ামে ডাকার আগে মুনিরের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, “প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পাশাপাশি পাকিস্তান থেকে আমার প্রিয় ফিল্ড মার্শাল। তিনি এখানে নেই, কিন্তু প্রধানমন্ত্রী এখানে আছেন।“ কয়েকদিন আগে হোয়াইট হাউজে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির।

গাজা শান্তি সম্মেলনেও নিজের ঢাক নিজে পেটালেন ট্রাম্প। ভারত-পাক সংঘাত থামানোর বিষয়টি উল্লেখ করে ট্রাম্প বলেন,” আমি আশা করি এরপর ভারত এবং পাকিস্তান সুন্দর ভাবে একসঙ্গে থাকবে।“ এই বলে পিছনে দাঁড়িয়ে থাকা পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দিকে তাকান ট্রাম্প। তখন শরিফ ঝুঁকে হাসতে হাসতে ট্রাম্পকে কিছু বলেন। তারপর হেসে ফেলেন ট্রাম্প।

মিশর যাওয়ার পথেও সাংবাদিকদের কাছে ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে বক্তব্য রেখেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, “শুল্ক আমাদের কূটনৈতিক ও আলোচনার শক্তি দিয়েছে। আমি শুল্কের উপর ভিত্তি করে কয়েকটি যুদ্ধ নিষ্পত্তি করে দিয়েছি। উদাহরণ হিসেবে বলা যায়, ভারত ও পাকিস্তানের মধ্যেকার যুদ্ধ। আমি বলেছিলাম, আপনারা যদি যুদ্ধে লড়াই করতে চান এবং আপনাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। কিন্তু আপনারা যুদ্ধ করলে আমি আপনাদের দুজনের উপর ১০০ শতাংশ, ১৫০ শতাংশ এবং ২০০ শতাংশের মতো বড় শুল্ক আরোপ করবো।“
যদিও ট্রাম্পের এই দাবিকে মান্যতা দেয়নি ভারত। ভারতীয় বিদেশমন্ত্রক আগেই জানিয়েছিল ট্রাম্পের কথায় যুদ্ধ বন্ধ হয়েছে, এমনটা নয়। ভারতের ডিজিএমওকে ফোন করে যুদ্ধবিরতির আর্জি জানিয়েছিলেন পাক ডিজিএমও, সেজন্যই যুদ্ধ বন্ধ করা হয়েছে। ভারত ট্রাম্পের দাবি না মেনে নিলেও, ট্রাম্প কিন্তু তখনও ভারত পাকিস্তানের সংঘাত মেটানোর কথা দাবি করে এসেছেন। গোটা বিশ্বের সামনে এখনও তাই দাবি করে যাচ্ছেন।