রুশ তেলে ১০০% শুল্ক নয়, সিদ্ধান্ত বদল ট্রাম্পের!

রাশিয়ার কাছ থেকে তেল কিনলেও ভারতীয় পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর পথে আপাতত হাঁটছে না আমেরিকা। নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে রুশ তেল কেনা নিয়ে আরোপিত একাধিক নিষেধাজ্ঞা, বিধিনিষেধ ও শুল্ক প্রয়োগে ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আমেরিকার জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটনের এই পদক্ষেপে আপাতত স্বস্তি পেতে পারে ভারত ও চিন।

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল ও গ্যাস কেনা নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত-সহ একাধিক দেশের উপর ক্ষোভ প্রকাশ করে আসছিলেন ট্রাম্প। রুশ তেল কেনা বন্ধ না করলে ভারতীয় পণ্যে বিপুল শুল্ক চাপানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। সেই শুল্ক রবিবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তার আগেই অবস্থান বদল করলেন মার্কিন প্রেসিডেন্ট।

জানা গিয়েছে, গত মাসে ‘লিন্ডসে ও গ্র্যাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬’ নামের একটি বিলে স্বাক্ষর করেছিলেন ট্রাম্প। ওই আইনের মাধ্যমে রাশিয়া থেকে জ্বালানি তেল ও গ্যাস কেনে, এমন দেশগুলির উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর পথ তৈরি হয়েছিল। ভারত ও চিনের মতো দেশগুলির ক্ষেত্রে যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

কিন্তু শুক্রবার গভীর রাতে একটি নির্দেশনামায় সই করে ট্রাম্প জানান, ওই আইনে উল্লিখিত নিষেধাজ্ঞা, বিধিনিষেধ এবং শুল্ক প্রয়োগে ছাড় দেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে এই ছাড় দেওয়াই আমেরিকার জাতীয় স্বার্থের অনুকূল।

তবে এই স্বস্তি স্থায়ী হবে কি না, তা নিয়ে সংশয় থাকছেই। ট্রাম্পের সিদ্ধান্তে আপাতত শুল্কের ধাক্কা এড়ানোর সুযোগ তৈরি হলেও ভবিষ্যতে ফের নিষেধাজ্ঞা কার্যকর করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে আমেরিকার নিজস্ব জ্বালানি বাণিজ্য নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানও এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আলোচনায় উঠে এসেছে। ভারত ও চিনের উপর রুশ তেল কেনার জন্য অতিরিক্ত শুল্ক চাপানোর পরিকল্পনা থেকে আপাতত সরে আসায় আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে।