সমুদ্র সৈকতে ড্রোন ঘিরে আতঙ্ক

সমুদ্র সৈকতে বড় জেট বিমানের আদলে তৈরি ড্রোনকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বকখালিতে।

বুধবার দুপুর নাগাদ পর্যটনকেন্দ্র বকখালি থেকে ঢিলছোড়া দূরত্বে পশ্চিম অমরাবতী গ্রামের কারগিল সি বিচে এই ড্রোনটি দেখতে পাওয়া যায়। স্থানীয় মৎস্যজীবীরা নদীতে মাছ ধরতে যাওয়ার পথে হলুদ এবং লাল আকৃতির এই ড্রোনটি পান। জেট বিমানের আদলে তৈরি হওয়া এই ধরনের ভেতরে বিভিন্ন ধরনের তার যুক্ত যন্ত্রাংশ দেখা যায় আর তা থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তের মধ্যে পশ্চিম অমরাবতী গ্রামের কারগিল সমুদ্র সৈকতে এই ড্রোনটি দেখার জন্য ভিড় জমায় মানুষ স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। স্থানীয় মানুষদের সহযোগিতায় পুলিশ অবশেষে জেট বিমান আকৃতির ওই ড্রোনটিকে উদ্ধার করে।


সূত্রের খবর এই ধরনের ড্রোন বিমান প্রতিরক্ষা প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়। এটি একটি দ্রুতগতির এবং চালকবিহীন আকাশযান। যা জেট ইঞ্জিন চালিত। এর কাজ প্রশিক্ষণ মহড়ার জন্য শত্রু বিমানের অনুকরণে ভারতীয় নৌবাহিনী এবং প্রতিরক্ষা বাহিনী ব্যবহার করে।
তবে পর্যটন কেন্দ্র বকখালীর মত জায়গায় কীভাবে এই ড্রোন এলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ অবশেষে ওই ড্রোনটিকে উদ্ধার করে নিয়ে যায়। ড্রোন উদ্ধার ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, এর আগে এই এলাকায় এরকম কোন বস্তু দেখা যায়নি।
ফ্রেজারগঞ্জ থানার প্রশাসন এলাকার মানুষকে আশ্বস্ত করে বলেন, তদন্ত শুরু হয়েছে, ড্রোনটি কোথা থেকে এলো সঠিক তথ্য জানানো হবে।