নেপালে ফের হড়পা বান! ভেসে গেল বাড়িঘর,সেতু

ফের নেপালে বিপর্যয় গোর্খার চুম্নুব্রি গ্রামীণ পৌরসভায় বন্যা পরিস্থিতি । সেখানকার ৩ নং ওয়ার্ডের নিয়াকচেট ও ফিলিম বাজারের সংযোগকারী একটি সেতু ভেসে গেছে বলে জানা গেছে।ঘাট্টে খোলা এলাকার বেশ কয়েকটি বাড়িতে কর্দমাক্ত বন্যার পানি ঢুকে পড়েছে এবং নদীর জলস্তর ক্রমাগত বাড়ছে। এই ঘটনার খবর পাওয়ার পর নেপাল পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী এবং স্থানীয় প্রশাসন উদ্ধার, ত্রাণ ও স্থানান্তর কার্যক্রমের জন্য তৎপর হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তার জন্য হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।

সুস্মিত মজুমদার,নিজস্ব সংবাদদাতা

জানা যাচ্ছে, রবিবার সকালে বুধি গণ্ডকী নদীতে হড়পা বান আসে। আচমকাই জলস্তর বাড়তে থাকে নদীতে।পাথর, কাদার কালো জলস্তর ক্রমশ এগিয়ে এসে ভাসিয়ে নিয়ে যায় বাড়িঘর। হঠাৎ জলস্তর বাড়তে দেখে রীতিমত আতঙ্কিত হয়ে উঁচু জায়গায় আশ্রয় নেন নদী পাড়ের বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা গিয়েছে, প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে জলস্রোত এক মুহূর্তে ভাসিয়ে নিয়ে যায় ঘর বাড়ি। এমনকি ভেসে গিয়েছে একাধিক সেতুও। নেপালের গোরখা অঞ্চলে পাহাড় থেকে এই বান নেমেছে জানা যাচ্ছে।কিন্তু ফের কেন এই দুর্যোগ তা জানা যায়নি। নেপালের বেশির ভাগ অঞ্চলে ভারী বৃষ্টি চলছে। বানের কারণও স্পষ্ট নয়।

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী নদীর কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের এই জরুরি পরিস্থিতিতে সতর্ক থাকতে, ও নিরাপদ স্থানে সরে যেতে এবং ধৈর্য ধরে থাকতে আহ্বান জানিয়েছেন। জরুরি সহায়তার জন্য বাসিন্দারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হেল্পলাইন ১২৩৪ নম্বর চালু করা হয়েছে।তিনি জনগণকে নিরাপত্তা নির্দেশাবলী মেনে চলতে এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়াতেও অনুরোধ করেছেন।