Go back Modi poster : প্রধানমন্ত্রীর সভাস্থলের ১২ কিলোমিটার আগেই এমন পোস্টার দেখা গেল। সেই ব্যানারে বিজেপিকে উদ্দেশ্য করে প্রশ্ন করা হয়েছে, ৫ লক্ষ ১৯ হাজার ৭৩২ জন মতুয়াদের কেন ধোকা দিল?

সুচারু মিত্র, নিজস্ব সংবাদদাতা : নদিয়ার তাহেরপুরের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। সভার লক্ষ্য হল মতুয়া ভোট ব্যাঙ্ক। মতুয়াদের মন জয় করে তাদের ভোট পেলেই অধিকাংশ ভোট চলে যাবে বিজেপির দখলে। কিন্তু প্রধানমন্ত্রীর সভাস্থলে আগমনের আগেই এলাকায় পড়ল গো ব্যাক মোদী পোস্টার। সভাস্থলের ১২ কিলোমিটার আগেই এমন পোস্টার দেখা গেল।সেই ব্যানারে বিজেপিকে উদ্দেশ্য করে প্রশ্ন করা হয়েছে, ৫ লক্ষ ১৯ হাজার ৭৩২ জন মতুয়াদের কেন ধোকা দিল? নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর পরিবর্তন সংকল্প সভার আগে চাকদহের কাছে ১২ নম্বর জাতীয় সড়কের দু’ধারে ‘গো ব্যাক মোদি’ স্লোগান লেখা একাধিক ব্যানার ও পোস্টার পড়েছে।

যা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। শনিবার তাহেরপুরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। তার আগে এই পোস্টারকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানোতর। প্রধানমন্ত্রী গো ব্যাক লিখে কে বা কারা এই পোস্টার ফেলেছে, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।
বিধানসভা নির্বাচনের আগে ময়দানে নেমেছে শাসক বিরোধী সবপক্ষ। এরই মধ্যে চলতি বছরে এই নিয়ে চতুর্থবার বাংলার মাটিতে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবহে গো ব্যাক মোদী পোস্টার ছয়লাপ মোদীর সভার ১২ কিলোমিটার আগে। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।