ইদের দিনে সুন্দরবনে হাই অ্যালার্ট!

সুন্দরবন পর্যটনকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর কড়া নাকা চেকিং

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা: পবিত্র রমজান মাসে যখন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ইবাদতে ব্যস্ত, ঠিক সেই সময়ই দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় দেখা গেল অন্য এক ছবি। নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ ও বকখালি এলাকায় সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন, কোথাও কোথাও বৃষ্টিও শুরু হয়েছে। আবহাওয়ার এমন অনিশ্চয়তার মধ্যেই নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখতে নারাজ প্রশাসন।
শনিবার ভোর থেকে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ আধিকারিকদের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে শুরু হয়েছে নাকা চেকিং। রাস্তার গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। শুধু স্থানীয় বাসিন্দাদের নয়, বকখালিতে বেড়াতে আসা পর্যটকদের গাড়িও বাদ যাচ্ছে না এই নজরদারি থেকে। প্রত্যেকটি গাড়ির কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি যাত্রীদের পরিচয়ও যাচাই করা হচ্ছে।


প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রমজান মাস ও পর্যটন মরসুম একসঙ্গে পড়ায় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্যই এই কড়া নাকা চেকিং বলে জানিয়েছেন কর্তব্যরত আধিকারিকরা।


এদিকে, মেঘলা আকাশ আর মাঝেমধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বকখালির সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় কমেনি। অনেকে সকাল সকাল পৌঁছে যাচ্ছেন, আবার কেউ কেউ দিনের আবহাওয়ার দিকে নজর রাখছেন। এই পরিস্থিতিতে নিরাপত্তার পাশাপাশি আবহাওয়াও এখন বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে।
সব মিলিয়ে, একদিকে পবিত্র রমজানের আবহ, অন্যদিকে মেঘলা আকাশ ও প্রশাসনের কড়া নজরদারি—এই তিনের মিশেলে আজকের বকখালি ও ফ্রেজারগঞ্জ এক ভিন্ন চিত্র তুলে ধরল। এখন দেখার, আবহাওয়া ও নিরাপত্তার এই যুগল পরিস্থিতি আগামী দিনে কী প্রভাব ফেলে পর্যটন ও জনজীবনে।