‘টাকা গায়েব, লাপাতা!’ রাজপালকে কড়া বার্তা CJI-এর

চেক বাউন্স মামলায় অভিনেতা রাজপাল যাদবকে ফের কড়া বার্তা সুপ্রিম কোর্টের। বুধবার শীর্ষ আদালত তাঁকে বাকি ৮৫ লক্ষ টাকা জমা দেওয়ার জন্য আগামী মঙ্গলবার, ১৩ অক্টোবর পর্যন্ত সময় দিল। এর আগে আদালতের নির্দেশ অনুযায়ী ২ কোটি টাকা জমা দেওয়ার কথা ছিল রাজপালের। বুধবার তিনি ১ কোটি ১৫ লক্ষ টাকার ডিমান্ড ড্রাফট জমা দেন। বাকি টাকা মেটাতে আরও সময় চান অভিনেতা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং ভি মোহনা। শুনানিতে আদালত স্পষ্ট জানায়, আগামী মঙ্গলবারের মধ্যে ৮৫ লক্ষ টাকা জমা দিতে হবে। তার পরেই দিল্লি হাই কোর্টের দেওয়া তিন মাসের কারাদণ্ডের বিরুদ্ধে রাজপালের আবেদন নিয়ে শুনানি হবে।

রাজপালের আইনজীবী জানান, সম্পত্তি বিক্রি করে টাকা জোগাড়ের চেষ্টা চলছিল। কিন্তু তাও নির্ধারিত সময়ে সেই লেনদেন সম্পূর্ণ হয়নি। আদালতে রাজপালের সঙ্গে উপস্থিত ছিলেন ওই জমির ক্রেতাও। তিনি ৮৫ লক্ষ টাকার ডিমান্ড ড্রাফট দেওয়ার বিষয়ে সম্মতি জানান।

তবে আদালত সতর্ক করে বলেছে, আবেদনকারীর আচরণ এখনও সন্তোষজনক নয়। এমনকি আপিলের শুনানিতে রাজপালের সাজা বাড়িয়ে দু’বছর পর্যন্ত করা হতে পারে বলেও জানানো হয়। প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘‘আদর্শ পরিস্থিতিতে আপনার মক্কেলের জেলে থাকা উচিত।’’

শুনানিতে রাজপাল জানান, গত ১৩ বছরে ২৫০-র বেশি ছবিতে অভিনয় করেছেন। ২০১০ সালে একটি ছবির জন্য ‘মুরলি প্রজেক্টস লিমিটেড’-এর কাছ থেকে পাঁচ কোটির বেশি টাকা ঋণ নিয়েছিলেন তিনি। তা পরিশোধ না করায় মামলা হয়। ২০২৪ সালের মে মাসে তাঁকে তিন মাসের কারাদণ্ড দেয় দিল্লি হাই কোর্ট।

রাজপাল আরও জানান, ছবিটি মুক্তি না পাওয়ায় তাঁর ২২ কোটির বেশি টাকা ক্ষতি হয়েছে। এর থেকেও বড় ক্ষতি হয়েছে তাঁর সুনামের। জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘‘ভুল থেকে শিক্ষা নিন, ভাল ছবি বানিয়ে মানুষকে বিনোদন দিন। তা হলেই আপনার সম্মান ফিরে আসবে।’’