“আমাদের ইমরানের বিষয়ে কোনও তথ্য জানানো হচ্ছে না। ইমরানের সঙ্গে দেখা করতেও দেওয়া হচ্ছে না। ইমরানের দল পাকিস্তান তেহরিক-এ-ইনসাফের সদস্যরাও জেলে গিয়েছিলেন। তাঁদেরও ইমরানের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি।”

মাম্পি রায়, সাংবাদিক : দুদিন আগে জল্পনা ছড়িয়ে পড়েছিল জেলের মধ্যেই মৃত্যু হয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। কিন্তু একদিন আগে আদিয়ালা জেল কর্তৃপক্ষ জানিয়েছেন যে, ইমরান খান নাকি সুস্থ আছেন। জেলে বহাল তবিয়তেই আছেন। তিনি সুস্থ আছেন। ইমরান খানকে জেল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জল্পনাতেও জল ঢেলে দিয়েছেন জেল কর্তৃপক্ষ।
তবে ইমরান খানকে যদি অন্য কোথাও না নিয়ে যাওয়া হয়, তাহলে তিনি কোথায় ? তাঁর আত্মীয় পরিজনরা জেলে তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে কেন দেখা পাচ্ছেন না? একাধিক প্রশ্ন উঠছে। এই আবহে মুখ খুললেন ইমরান খানের তিন বোন। তাদের মধ্যে অন্যতম নোরিন নিয়াজি সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, ইমরান খানকে নিয়ে কোনও খবরই তাঁদেরকে দেওয়া হচ্ছে না। ইমরানের বোন নোরিন এএনআই-কে বলেন, “আমাদের ইমরানের বিষয়ে কোনও তথ্য জানানো হচ্ছে না। ইমরানের সঙ্গে দেখা করতেও দেওয়া হচ্ছে না। ইমরানের দল পাকিস্তান তেহরিক-এ-ইনসাফের সদস্যরাও জেলে গিয়েছিলেন। তাঁদেরও ইমরানের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। চার সপ্তাহ ধরে আমাদের ইমরানের কোনও খবর পাচ্ছি না। আমি শুনলাম ভারতে ইমরানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে।”
জেলে ইমরান খানের পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন ইমরানের ছোট ছেলে কাসিম খান। তিনি দাবি করেছেন, “জেলের মধ্যেই ডেথ সেলে রাখা হয়েছে ইমরান খানকে। বাবার সঙ্গে পরিবারের কোনও সদস্য যোগাযোগ করতে পারছেন না।”
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলিকে বিষয়টি নিয়ে সরব হওয়ার আর্জি জানিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক ইমরানের পুত্র কাসিম খান। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “আমার বাবা ৮৪৫ দিন ধরে জেলে বন্দি রয়েছেন। গত ৬ সপ্তাহ ধরে তাঁকে কোনও রকম স্বচ্ছতা ছাড়াই ডেথ সেল বা মৃত্যুকূপে ঢুকিয়ে রাখা হয়েছে।”
আদালত অনুমতি দেওয়ার পরেও তাঁর বোনেদের যেতে দেওয়া হচ্ছে না। ফোন করা যাচ্ছে না। এমনকি দেখাও করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন তাঁরা। ইমরান খান জীবিত রয়েছেন কি না, তাও স্পষ্ট নয় বলে উষ্মাপ্রকাশ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। বাবার কিছু হলে তার ফল ভোগ করতে হবে পাক সরকারকে, হুঁশিয়ারির সুরে বলেছেন ইমরানপুত্র।
বৃহস্পতিবার বিকেলে জেলে ইমরানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর দল পিটিআই-এর নেতা তথা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। জেল কর্তৃপক্ষ তাঁকেও ঢুকতে দেয়নি বলে অভিযোগ। পিটিআই সমর্থকেরা আদিয়ালা জেলের পাঁচিলে উঠে জেলের ভিতরে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।