ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রিয়াধের আর্থিক এলাকায় হামলায় আহত হয়েছেন দুই ভারতীয় নাগরিক। মঙ্গলবারের ওই হামলার ঘটনায় দিল্লির তরফে কড়া নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি, সৌদি আরবের বেসামরিক, অর্থনৈতিক এবং জ্বালানি পরিকাঠামোকে লক্ষ্য করে লাগাতার হামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
বিদেশ মন্ত্রক জানিয়েছে, রিয়াধে হামলায় আহত দুই ভারতীয়কে সব রকম সহায়তা করছে সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস। আহতদের পরিবারকেও প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, হামলায় আহতদের মধ্যে সৌদি আরবের দুই নাগরিক ছাড়াও তিন জন নেপালি এবং চার জন মিশরীয় নাগরিক রয়েছেন।
এক বিবৃতিতে ভারতীয় বিদেশ মন্ত্রক বলেছে, রিয়াধে হামলার পাশাপাশি সৌদি আরবের বেসামরিক, অর্থনৈতিক ও জ্বালানি পরিকাঠামোয় যে ভাবে হামলা চালানো হচ্ছে, ভারত তার তীব্র নিন্দা করছে। এই ধরনের হামলা সাধারণ মানুষের জীবনকে ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব লঙ্ঘনের পাশাপাশি গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকেও বিপন্ন করছে।
দিল্লির বার্তা, অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ করতে হবে। সৌদি আরবের মানুষ এবং সরকারের পাশে থাকার কথাও ফের স্পষ্ট করেছে ভারত। সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে ভারতের সমর্থন অটুট থাকবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সময়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিশেষ করে হুথিদের একের পর এক হামলায় উদ্বেগ বেড়েছে সৌদি আরবকে ঘিরে। বেসামরিক পরিকাঠামো এবং অর্থনৈতিক সম্পদে হামলার বিরোধিতা করে আগেই সরব হয়েছিল ভারত। দিল্লির মতে, এই ধরনের হামলা শুধু আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকেই বিপন্ন করে না, বাব-এল-মান্দেব প্রণালী দিয়ে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতার ক্ষেত্রেও বড় ঝুঁকি তৈরি করে।
পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে ভারত বরাবরই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষে সওয়াল করেছে। দিল্লির আশা, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সংঘাতের পথ ছেড়ে সংশ্লিষ্ট পক্ষগুলি আলোচনার টেবিলে ফিরবে।