বিশ্বকে শান্তির রাস্তা দেখাবে ভারত-জাপান বন্ধুত্ব, টোকিও থেকে বার্তা মোদীর

এই মুহূর্তে বিদেশ সফরে টোকিওতে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই বিশ্বের উদ্দেশ্যে বার্তা দিয়ে জানালেন দুই দেশের মৈত্রী গোটা বিশ্বে শান্তি এনে দেবে।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নিজস্ব প্রতিনিধি: জাপান সফরে গিয়ে এক অনন্য উপহার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টোকিওয় আয়োজিত ভারত-জাপান শীর্ষ সম্মেলনের মাঝে দারুমা-জি মন্দিরের প্রধান পুরোহিত রেভারেন্ড সেইশি হিরোসে তাঁর হাতে তুলে দেন এক দারুমা পুতুল। সেখান থেকেই মোদীর বার্তা, ভারত-জাপান মৈত্রী বিশ্ব শান্তির পথ দেখাবে। অন্যদিকে কাশ্মীর হামলা নিয়ে পাকিস্তানকেও কড়া বার্তা জাপানের।

শুক্রবার টোকিও গিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিবিড় করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-জাপান যৌথ আর্থিক ফোরামের সম্মেলনেও যোগ দেন নরেন্দ্র মোদী। ওই বৈঠকে হাজির ছিলেন জাপানি প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, তাঁর সামনে টোকিওর তরফে বিনিয়োগ আহ্বান করে তিনি বলেন, ‘ভারত হল গ্লোবাল সাউথে ঝাঁপিয়ে পড়ার জন্য একটি স্প্রিংবোর্ড।’ তিনি আরও বলেন যে ‘আমরা কৌশলগত এবং গ্লোবাল পার্টনারশিপে নতুন এবং সোনালি অধ্যায়ের ভিত্তিস্থাপন করছি। পরবর্তী দশকের জন্য আমাদের রোডম্যাপ প্রস্তুত। আগামী এক দশকে জাপান ভারতে ১০ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে।’ আরও জানা গেছে যে প্রযুক্তি-সহ একাধিক ক্ষেত্রে ভারতে বিনিয়োগ করবে জাপান। ডিজিটাল পার্টনারশিপ এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন পরিকল্পনা রয়েছে দুই দেশের। এর পাশাপাশি মহাকাশ অভিযানের ক্ষেত্রেও ভারতের সঙ্গে যৌথ ভাবে কাজ করতে আগ্রহী জাপান। এ সবের পাশাপাশি প্রতিরক্ষা খাতেও বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে ভারতের সঙ্গে একযোগে কাজ করবে এশিয়ার এই দ্বীপরাষ্ট্র।

অন্যদিকে পহেলগাঁও হামলা নিয়ে কড়া বিবৃতি দেওয়া হল টোকিওর তরফে। ভারতের সঙ্গে মিলে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে তারা। তাতে যেমন পহেলগাঁওয়ের জঙ্গি হামলার বিরোধিতা করা হয়েছে, অন্য দিকে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপের জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে। সেই তালিকায় রয়েছে একাধিক পাকিস্তানি গোষ্ঠীও। বিবৃতিতে বলা হয়েছে, ওই হামলার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি দুই রাষ্ট্রনেতাই দাবি করেছেন আল কায়দা, আইএস, লস্করের মতো জঙ্গি গোষ্ঠী ও তাদের ছায়াগোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করতে হবে।