‘বন্ধু’ দিল্লিকে নিয়ে বড় বার্তা রুবিয়োর

রাশিয়ার কাছ থেকে তেল কিনলেও ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর পথে আপাতত হাঁটছে না আমেরিকা! নিজের অবস্থান থেকে সরে এসে বড় ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার ভারতকে ‘গুরুত্বপূর্ণ বন্ধু’ বলে উল্লেখ করে দিল্লির পাশে দাঁড়ালেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়োও। তাঁর মতে, ভারতের জ্বালানি আমদানির উপর কোনও রকম নিষেধাজ্ঞা চাপানোর আগে আরও ভাবনাচিন্তা করা উচিত ওয়াশিংটনের।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

আগামী সপ্তাহে ভারত সফরে আসার কথা রুবিয়োর। দিল্লির পাশাপাশি জামনগর ও মুম্বইয়েও যাওয়ার কথা রয়েছে তাঁর। শনিবার উজবেকিস্তান ও ভারতের ছ’দিনের সফরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুবিয়ো জানান, রাশিয়া সংক্রান্ত নিষেধাজ্ঞা ও শুল্ক প্রত্যাহারের অর্থনৈতিক প্রভাব আগামী দু’মাস ধরে পর্যালোচনা করবেন ট্রাম্প এবং একটি উচ্চপর্যায়ের কমিটি।

রুবিয়োর কথায়, ভারত এখন বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানি করলেও রাশিয়ার উপর তাদের নির্ভরতা এখনও যথেষ্ট বেশি। তাই রাতারাতি সরবরাহকারী বদলে ফেলা সহজ নয়। তাঁর বক্তব্য, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা এবং ভারত-সহ একাধিক দেশের উপর শুল্ক আরোপের প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশগুলির অর্থনীতিতেই সীমাবদ্ধ থাকবে না। তার প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতি, এমনকি আমেরিকার অর্থনীতিতেও। সেই কারণেই সিদ্ধান্তের ফলাফল খতিয়ে দেখতে ৬০ দিন সময় নিতে চাইছেন ট্রাম্প।

প্রসঙ্গত, রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস কেনা নিয়ে দীর্ঘদিন ধরেই ভারতের উপর চাপ বাড়াচ্ছিল ওয়াশিংটন। রুশ জ্বালানি কেনা বন্ধ না করলে ভারতীয় পণ্যে ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন ট্রাম্প। সেই শুল্ক রবিবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল বলে দাবি করা হয়েছে।

কিন্তু শেষ মুহূর্তে আমেরিকার অবস্থান বদলের ইঙ্গিতে স্বস্তি ফিরেছে দিল্লিতে। শুধু ভারত নয়, চিনের ক্ষেত্রেও রাশিয়া সংক্রান্ত শুল্ক ও নিষেধাজ্ঞা নিয়ে নতুন করে পর্যালোচনার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে শুল্ক প্রত্যাহারের চূড়ান্ত শর্ত এবং ভবিষ্যৎ বাণিজ্যনীতির বিষয়ে এখনও নজর থাকবে আন্তর্জাতিক মহলের।