জুকারবার্গের প্রাসাদে লুকিয়ে হাড়হিম হত্যা-রহস্য!

আয়ারল্যান্ডে ৪৪০ একরের প্রাসাদ কিনলেন জুকারবার্গ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : প্রযুক্তি দুনিয়ার অন্যতম ধনী ব্যক্তিত্ব মার্ক জুকারবার্গ এবার আয়ারল্যান্ডে কিনলেন এক বিশাল প্রাসাদ। মেটার কর্ণধারের নতুন সম্পত্তি প্রায় ৪৪০ একরের। আয়ারল্যান্ডের কাউন্টি ওয়াটারফোর্ডে অবস্থিত স্ট্র্যাঙ্কালি ক্যাসল কিনতে জুকারবার্গকে গুনতে হয়েছে আনুমানিক ২ থেকে ৩ কোটি ইউরো। ভারতীয় মুদ্রায় যার মূল্য কয়েকশো কোটি টাকা।

তবে প্রাসাদের জাঁকজমকের পাশাপাশি এই সম্পত্তিকে ঘিরে রয়েছে বহু পুরনো এক ভয়াবহ কাহিনীও। শোনা যায়, দুর্গটির পুরনো অংশে নাকি এক সময় ছিল এমন একটি ‘মারাত্মক যন্ত্র’, যার সাহায্যে মানুষকে ফাঁদে ফেলে খুন করা হত। যদিও এই কাহিনীর সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

১৮৪৭ সালে প্রকাশিত উইলিয়াম হাওয়িটের লেখা Homes and Haunts of the Most Eminent British Poets বইয়ে স্ট্র্যাঙ্কালি এলাকার এই জায়গাটির উল্লেখ রয়েছে। স্থানীয়দের মুখে শোনা গল্প অনুযায়ী, নদীর দিকে মুখ করা পাথরের একটি গর্তের সঙ্গে দুর্গের যোগাযোগ ছিল। সেখানে কাউকে বন্দি করে হাত-পা বেঁধে ঝুলিয়ে দেওয়া হত এবং নীচ দিয়ে বয়ে যাওয়া নদী দেহটি ভাসিয়ে নিয়ে যেত। ফলে খুনের কোনও প্রমাণও নাকি মিলত না। তবে হাওয়িট নিজেই এই কাহিনিকে স্থানীয় লোককথা বলে জানিয়েছেন।

বর্তমান স্ট্র্যাঙ্কালি ক্যাসল অবশ্য তৈরি হয়েছিল ১৮২৭ থেকে ১৮৩০ সালের মধ্যে। স্থপতি জেমস এবং জর্জ রিচার্ড পেইনের নকশায় তৈরি তিনতলা এই গথিক রিভাইভাল প্রাসাদে রয়েছে ১১টি শোওয়ার ঘর, মার্বেলের অগ্নিকুণ্ড এবং বিশেষ নকশার সিঁড়ি। রিভার ব্ল্যাকওয়াটারের বাঁকের উপরে অবস্থিত প্রাসাদটি ঘেরা বিশাল সবুজ লন ও পুরনো গাছে।

প্রায় ২৫ বছর আগে ব্যবসায়ী মাইকেল অ্যালেন-বাকলি এবং তাঁর স্ত্রী জিয়ানকার্লা এই সম্পত্তি কিনেছিলেন। পরিবারের তরফে জানানো হয়েছে, দীর্ঘ সময় ধরে স্ট্র্যাঙ্কালির সংরক্ষণ ও সংস্কারে তাঁরা কাজ করেছেন। জুকারবার্গ ও তাঁর পরিবারও সম্পত্তিটির রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নে বিনিয়োগ চালিয়ে যাবেন বলে তাঁরা আশাবাদী।

জুকারবার্গের মূল বাসস্থান আমেরিকাতেই। তবে আয়ারল্যান্ডে মেটার ইউরোপীয় সদর দফতর থাকায়, দেশটিতে এলে এই ঐতিহাসিক প্রাসাদেই থাকার পরিকল্পনা রয়েছে তাঁর মেটা কর্তার।