ইরান-আমেরিকা সংঘাতের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বড় ইঙ্গিত তেহরানের। আমেরিকা তাদের দাবি মেনে নিলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ইরান। সোমবার এমনই জানিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই। তাঁর বক্তব্য, আমেরিকার সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদানপ্রদান চলছে। তবে পরবর্তী পদক্ষেপ সম্পূর্ণ নির্ভর করছে ওয়াশিংটন তেহরানের শর্ত মেনে নেয় কি না, তার উপর।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
সংবাদ সংস্থা এএফপি-কে বাঘাই জানিয়েছেন, ইরানের দাবি পূরণ হলে অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালীতে নিরাপত্তা ফিরিয়ে আনা এবং আলোচনা প্রক্রিয়া শুরু করা সম্ভব। ইরানের দাবির তালিকায় রয়েছে মধ্যপ্রাচ্যের সব প্রান্তে যুদ্ধ বন্ধ, বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ ফিরিয়ে দেওয়া, তেল শিল্পের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আমেরিকার নৌ অবরোধ তুলে নেওয়া।
অন্য দিকে, আল জাজ়িরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য ইরান ও ওমানের সম্মতিতে তৈরি নতুন পথ মেনে নিতে হবে আমেরিকাকে। পাশাপাশি সাম্প্রতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সেনার উপস্থিতি কমানোর দাবিও জানিয়েছেন তিনি।
এ দিকে, ইরানে আমেরিকা ও ইজ়রায়েলের সম্ভাব্য হামলা ঘিরেও উদ্বেগ বাড়ছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়সের দাবি, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দ্রুত ইরানে হামলার জন্য ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ দিচ্ছেন। তবে আলোচনার গতিপ্রকৃতি দেখে সিদ্ধান্ত নিতে চান মার্কিন প্রেসিডেন্ট।
উল্লেখ্য, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ পরিবাহিত হয়। ফলে এই জলপথ বন্ধ থাকলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ এবং তেলের দামে বড় প্রভাব পড়তে পারে।