আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ। আমেরিকার চাপ ও হুমকিকে দুর্বলতার লক্ষণ বলে দাবি করেছেন তিনি। একইসঙ্গে তাঁর স্পষ্ট বক্তব্য, ইরানের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আমেরিকার সঙ্গে কোনও আলোচনা বা পদক্ষেপ করবে না তেহরান।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
ইরানের সরকারি সংবাদমাধ্যম IRIB-এর খবর অনুযায়ী, মঙ্গলবার সে দেশের পার্লামেন্টের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে গালিবাফ বলেন, আমেরিকার প্রেসিডেন্টের সাম্প্রতিক হুমকি ও মন্তব্যের পরেও ইরানের অবস্থান বদলায়নি। তাঁর কথায়, “ইরানের গর্বিত ও সম্মানীয় মানুষের প্রতি আমেরিকার হুমকি এবং অপমানজনক মন্তব্য আসলে আমাদের শক্তিশালী, দৃঢ় এবং স্বাধীন দেশের সামনে আমেরিকার অসহায়তারই প্রমাণ। অর্থনৈতিক চাপ তৈরির চেষ্টা করেও তারা আমাদের দমাতে পারবে না।”
গালিবাফ আরও বলেন, আলোচনার বিষয়ে ইরানের অবস্থান আগের মতোই রয়েছে। ইরানের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনও পদক্ষেপ বা আলোচনা হবে না। পাশাপাশি শত্রুপক্ষ কোনও ভুল করলে তার যোগ্য জবাব দিতে প্রস্তুত ইরান। এমনকী, প্রয়োজনে যুদ্ধের পরিস্থিতি ও লড়াইয়ের গতিপথও বদলে দিতে পারে তেহরান বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও মুখ খুলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার। তাঁর মতে, বর্তমানে ইরান কার্যত যুদ্ধের মতো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় দেশের রাজনৈতিক নেতাদের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি। কারণ, দেশের সাধারণ মানুষ ইতিমধ্যেই অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছেন। তাঁদের সমস্যা আরও বাড়তে পারে।
গালিবাফ বলেন, “আমাদের শত্রুরা দেশের মধ্যে বিভেদ তৈরির সুযোগ খুঁজছে। অন্যদিকে, অর্থনৈতিক সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ দেশের নেতাদের আচরণের দিকে নজর রাখছেন। দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আধিকারিকদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার স্পষ্ট নির্দেশ দিয়েছেন।”সাংসদদের উদ্দেশে তাঁর আবেদন, মতের অমিল থাকতেই পারে। কিন্তু কোনও মতবিরোধ যেন বড় ধরনের সংঘাত বা বিভেদের কারণ না হয়ে ওঠে।
অন্যদিকে, সোমবার আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেছেন, ইরানের অর্থনীতি কার্যত ডুবে যাওয়ার মুখে। আতঙ্কিত হয়ে পড়েছে সে দেশের নেতৃত্বও। তাঁর এই মন্তব্যের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। ইরানের আর্থিক লেনদেনের গোপন নেটওয়ার্ক ভেঙে দিতে দুই ডজনেরও বেশি মুদ্রা বিনিময় সংস্থা, ভুয়ো সংস্থা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সোশ্যাল মিডিয়া X-এ একটি পোস্ট করে বেসেন্ট লেখেন, তেলের আয় কমে যাওয়া এবং একের পর এক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি চাপে রয়েছে। আন্তর্জাতিক লেনদেন চালিয়ে যেতে গোপন আর্থিক নেটওয়ার্কের উপর নির্ভর করতে হচ্ছে ইরানকে। তাঁর দাবি, এই নেটওয়ার্কই বর্তমানে ইরানের আর্থিক ব্যবস্থার শেষ ভরসা।
আমেরিকার অর্থ দফতর জানিয়েছে, ‘অপারেশন ইকনমিক আউটকাস্ট’-এর অধীনে এই নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর লক্ষ্য, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় ইরানের প্রবেশের সুযোগ কমিয়ে দেওয়া এবং বিদেশি মুদ্রা সংগ্রহের পথ বন্ধ করা। ইরানের আর্থিক ক্ষেত্র, সন্ত্রাসবাদে মদত এবং ধাতু শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে তিনটি নির্বাহী নির্দেশের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে।
এর আগে রবিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, নতুন বছরের পরেও যদি ইরানের সঙ্গে কোনও সমঝোতা না হয়, তাহলে সামরিক হামলার পথে হাঁটতে পারে আমেরিকা।ইরানের সঙ্গে আলোচনার পদ্ধতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তেহরানের প্রতিনিধিদের ‘পেশাদার কথার খেলাপকারী’ বলে কটাক্ষ করেন তিনি। ট্রাম্পের অভিযোগ, ইরান শুধু আলোচনার কথা বলে যাচ্ছে, কিন্তু বাস্তবে কোনও অগ্রগতি হচ্ছে না। তাঁর কথায়, “ওরা সব সময় কথা বলে যায়। শুধু কথাই বলে, কিন্তু সবটাই অর্থহীন।”
ট্রাম্প আরও জানান, ইরানের সঙ্গে কোনও চুক্তি হলে তা স্থায়ী হতে হবে। তাঁর মূল লক্ষ্য, ইরান যাতে কোনওভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করা। ইরানের নতুন নেতৃত্বকে আগের তুলনায় কিছুটা বেশি বাস্তববাদী বলেও উল্লেখ করেছেন তিনি। তবে আলোচনার ক্ষেত্রে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর অভিযোগ, অতীতেও একাধিকবার চুক্তি করে তা ভেঙেছে তেহরান।সব মিলিয়ে, ইরানের উপর আমেরিকার আর্থিক চাপ, সামরিক হামলার হুঁশিয়ারি এবং তেহরানের পাল্টা অবস্থান ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে।