আলি খামেনেইয়ের সমাধির পাশে আরও সমাধির জন্য জায়গা রাখা হচ্ছে। কেন ?

মাম্পি রায়, সাংবাদিক : মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির আবহে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই গুরুতর আহত হয়ে অচেতন অবস্থায় চিকিৎসাধীন এবং বর্তমানে কোনও সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় তিনি নেই।
কোম শহরে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। শিয়া ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এই শহরকেই ইরানের ধর্মীয় রাজধানী হিসেবে ধরা হয়। একটি কূটনৈতিক নথির উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৫৬ বছর বয়সী এই ধর্মগুরু ‘গুরুতর শারীরিক অবস্থার’ কারণে সম্পূর্ণ অচেতন এবং রাষ্ট্র পরিচালনায় কোনও ভূমিকা নিতে পারছেন না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইজরায়েলি হামলায় নিহত হন ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। সেই হামলাতেই গুরুতর জখম হন তাঁর পুত্র মোজতবা। ইরানের তরফে আগেই জানানো হয়েছিল, ওই হামলায় খামেনেই পরিবারের একাধিক সদস্য নিহত হন, যার মধ্যে ছিলেন তাঁর স্ত্রী ও এক সন্তানও।
প্রতিবেদন অনুযায়ী, প্রয়াত আলি খামেনেইয়ের দেহও বর্তমানে কোম শহরেই সমাধিস্থ করার প্রস্তুতি চলছে। শুধু তাই নয়, সেখানে একটি বৃহৎ সমাধিক্ষেত্র নির্মাণের কাজও শুরু হয়েছে বলে গোয়েন্দা সূত্রের দাবি। একাধিক সমাধির জন্য জায়গা রাখা হচ্ছে বলেও জানা গিয়েছে, যা নতুন করে জল্পনা বাড়িয়েছে— গুরুতর অসুস্থ মোজতবার অবস্থাও কি আশঙ্কাজনক?
যদিও এই সমস্ত দাবির সত্যতা নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি তেহরান বা ওয়াশিংটন। ইরানের সরকারি সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, দেশের নতুন সর্বোচ্চ নেতা ‘দায়িত্বে রয়েছেন’। তবে যুদ্ধ শুরুর পর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি বা তাঁর কণ্ঠে কোনও বার্তাও শোনা যায়নি। রাষ্ট্রায়ত্ত্ব টেলিভিশনে তাঁর নামে বিবৃতি পড়ে শোনানো হতেই তা নিয়ে প্রশ্ন উঠছে।
এর মধ্যেই ইরানের তরফে একটি এআই নির্ভর ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে মোজতবাকে একটি ‘ওয়ার রুম’-এ দেখা যাচ্ছে। তবে তার সত্যতা নিয়েও সংশয় রয়েছে আন্তর্জাতিক মহলে।
সব মিলিয়ে, ইরানের শীর্ষ নেতৃত্বের শারীরিক অবস্থা ও কার্যক্ষমতা নিয়ে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে। যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে এই ধরনের জল্পনা ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।