ISF- এর পথে আরাবুল ?

আবেগঘন প্রতিক্রিয়া দিয়েছেন আরাবুল ইসলাম।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের রাজনীতিতে দেখা দিল বড়সড় নাটকীয় মোড়। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের নেতা আরাবুল ইসলাম দল ছাড়তে পারেন। সোমবার ফুরফুরা শরিফে গিয়ে আইএসএফ নেতৃত্বের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা। দল ছাড়ার প্রসঙ্গে আবেগঘন প্রতিক্রিয়া দিয়েছেন আরাবুল ইসলাম।

তিনি বলেন, নন্দীগ্রাম ও সিঙ্গুর আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশনের দিনগুলোতে তিনি প্রতিদিন ভাঙড় থেকে লোক নিয়ে সেখানে যেতেন। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও বহুবার সেখানে গিয়েছেন বলে দাবি করেন তিনি। সেই সময় নানা বিপদের মধ্য দিয়ে দল গড়ে তুললেও আজ দল তাঁকে চিনতে পারছে না বলেই অভিযোগ তাঁর।

অন্যদিকে ভাঙড়ের আরেক প্রভাবশালী নেতা কাইজার আহমেদের দলত্যাগ নিয়েও জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, আরাবুল ও কাইজার একসঙ্গে দল ছাড়লে ভাঙড়ে তৃণমূলের সংগঠনে বড়সড় ধাক্কা লাগতে পারে।